দিনমজুরি ও টিউশনি করে পড়ার খরচ জোগাড় করেছে আরিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফুল ইসলাম
আরিফুল ইসলাম

আরিফুল ইসলামের বাবা রিকশাচালক। পাঁচ বছর ধরে মা গুরুতর অসুস্থ। মায়ের চিকিৎসা ও ছয় সদস্যের পরিবারের খরচ মেটানো তার বাবার পক্ষে সম্ভব ছিল না। তাই সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকেই আরিফুল আয়-রোজগারে নেমে পড়েন। পড়ালেখার পাশাপাশি চলতে থাকে টিউশন, জ্বালানি সংগ্রহ এমনকি অন্যের জমিতে দিমজুরিও। পটিয়ার হাইদগাঁও মল্লপাড়া গ্রামের সেই ছেলেটিই এসএসসিতে জিপিএ ৫ পেয়ে পাস করেছে।
গল্প-গাথাকে হার মানানো আরিফ এখন মল্লপাড়া গ্রামের মানুষের কাছে অনেক বড় অনুপ্রেরণার নাম। রিকশাচালক আবদুল আজিজের তিন ছেলে এক মেয়ের মধ্যে সে সবার বড়। তার ছোট ভাই মারুফুল ইসলাম পড়ে অষ্টম শ্রেণিতে। ছোট যমজ দুই ভাইবোনের এখনো বিদ্যালয়ে যাওয়ার বয়স হয়নি।
হাইদগাঁও উচ্চবিদ্যালয়ে এবার ব্যবসায় শিক্ষা থেকে একজনই জিপিএ-৫ পেয়েছে। আর সেই একজন আরিফুল। বিদ্যালয়ের শিক্ষকদের কাছে তার এ সাফল্য অবশ্য অপ্রত্যাশিত নয়। সংসারের জন্য দিনমান খাটলেও লেখাপড়ায় বরাবরই ভালো সে। অষ্টম শ্রেণিতেও সে বৃত্তি পেয়েছিল।
ছোট মাটির ঘরে নেই বিদ্যুৎ। কুপির আলোয় পড়াশোনা করে আরিফ। মা লাকি আকতার বলেন, ‘ছেলে যত দূর পর্যন্ত পড়তে চায় পড়ুক। আমাদের ইচ্ছা ছেলে অনেক বড় হোক। কিন্তু কীভাবে পড়াব তা জানি না।’ আরিফ দমার পাত্র নয়। তার স্বপ্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া।