দিনরাত অপেক্ষা পানির জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শীতকালে একটি কারণে ঘুমটা ভালো হতো। তখন পানির জন্য নির্ঘুম রাত কাটাতে হতো না। কিন্তু দুই সপ্তাহ ধরে আবার দেখা দিয়েছে পুরোনো সমস্যা। রাত জেগে পানি তুলতে হয়। কারণ ঘুম শেষে উঠে ওয়াসার নলে প্রায় সময় পানি পাওয়া যায় না। এবার গরম শুরু হতে না হতেই পানি না পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।’ কথাগুলো বলছিলেন পানির জন্য রাত জেগে অপেক্ষা করে থাকা নগরের ঈদগা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম। অন্যদিকে গত তিন দিন একটানা রাত জেগেও পানি ধরতে পারেননি ষোলশহর দুই নম্বর গেটের পার্শ্ববর্তী আল ফালাহ গলির বাসিন্দা মনজুর আহমেদ। তিনি বলেন, ‘গরমের মৌসুম শুরুর পর প্রথমবারের মতো পানিসংকটে পড়লাম। শুক্রবার অন্তত জুমার নামাজের আগে গোসলের পানিটা আশা করেছিলাম, পাইনি। এমনকি অজুর পানিও ছিল না ড্রামে। ওয়াসার লোকজনের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল হয়নি।’ এ দুটি চিত্র নগরের দুই অভিজাত এলাকার। বস্তি এলাকার অবস্থা আরও ভয়াবহ। সেখানে দিনের পর দিন পানির জন্য অপেক্ষা করে কখনো কখনো পাওয়া গেলেও বেশির ভাগ সময় পাওয়া যায় না। গত বৃহস্পতিবার আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে ওয়াসার একটি পানির কলের সামনে শত শত কলসির দীর্ঘ সারি। কখন পানি আসবে তা কেউ জানেন না। কিন্তু নিজের কলসিটি রেখে গেছেন আশপাশের বাড়ির মহিলারা। পানির জন্য অপেক্ষায় থাকা মহিলারা জানান, অনেক সময় দুপুরে কলসি রেখে গেলেও দেখা যায়, রাত ১০টার দিকে পানি আসে। আবার দু-এক ঘণ্টা পর ওয়াসার কলে পানির চাপ কমে যায়। ফলে অনেক সময় সারির শেষ দিকে থাকা অনেকে পানি পান না। মরিয়ম বেগম নামের এক গৃহিণী জানান, গরম শুরুর আগে দুবেলা পানি আসত ওয়াসার কলে। এখন একবারও ভালোভাবে পানি পাওয়া যায় না। জানা যায়, নগরের প্রায় সব আবাসিক এলাকাতেই চাহিদা মেটানোর জন্য বাড়ি বাড়ি পাম্প বসিয়ে ওয়াসার পানি টেনে নেওয়া হয়। যাদের বাড়িতে পাম্প নেই তাঁরা পানি পান না। পাইপলাইনে ওয়াসার পানির চাপ বাড়লেই ঘরে পানি পাওয়া যাবে, এমন নিশ্চয়তা না থাকায় বাড়ির মালিকেরা পানির লাইনের সঙ্গে পাম্প বসিয়ে নিয়েছেন।চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘গরমের শুরুতে স্বাভাবিকভাবেই পানির চাহিদা একটু বেড়ে যায়। এ বছরও গরম শুরু হওয়ায় একই পরিস্থিতির মুখে পড়েছি আমরা, তা মোকাবিলার জন্য চেষ্টাও চলছে। আমরা পানির উৎপাদন বাড়ানোর চেষ্টা চালাচ্ছি। এ ক্ষেত্রে অচল পাম্পগুলো পুনরায় সচল করার চেষ্টা চলছে।’ওয়াসা সূত্রে জানা যায়, বর্তমানে নগরজুড়ে ৭০টিরও বেশি গভীর পাম্প দিয়ে শহরের চাহিদার অর্ধেকের বেশি পানি সরবরাহ করা হচ্ছে। বাকি পানি সরবরাহ করা হয় মোহরা পানি শোধনাগার প্রকল্প থেকে। গরমে হালদা নদীতে পানির প্রবাহ কমে গেলে অনেক সময় মোহরা প্রকল্পের পানি লবণাক্ত পানি ওঠে। নগরের অনেক এলাকায় সেই লবণাক্ত পানিই সরবরাহ করা হয়। নতুন প্রকল্পের মুলা: পানির এ তীব্র সংকটের মধ্যে চট্টগ্রাম ওয়াসা ও সরকার চেয়ে আছে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের দিকে। রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় প্রকল্পটির বাস্তবায়নের কাজ চলছে। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করে নগরে পানি সরবরাহের কথা। এ প্রকল্পের অংশ হিসেবে নগরের শেরশাহ এলাকায় জলাধার নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। রাঙ্গুনিয়া থেকে শহর পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটারের পাইপলাইন স্থাপনের কাজও শুরু হয়েছে। কিন্তু পোমরায় প্রকল্পের মূল কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। পাইপলাইন স্থাপনের কাজও চলছে ধীরে। ফলে সরকারের এ মেয়াদের মধ্যেই কাজ শেষ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতিপূর্বে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রথম আলোকে জানিয়েছিলেন, সরকারের বর্তমান মেয়াদের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে। সেভাবেই কাজ চলছে।জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি। এটা সম্ভব হলে নগরে পানির সংকট অনেক কমে যাবে। এ প্রকল্প থেকে প্রতিদিন ১৩ কোটি লিটার পানি শহরে সরবরাহ দেওয়া যাবে।’ বর্তমানে নগরে ৬০ কোটি লিটার চাহিদার বিপরীতে ওয়াসা ২১ কোটি লিটার পানি সরবরাহ করে।