ফটিকছড়িতে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকেরা। দিনে চার ঘণ্টাও বিদ্যুত্ মিলছে না। দিনে-রাতে লোডশেডিং করা হচ্ছে কমপক্ষে ১২ থেকে ১৫ বার। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার নাজিরহাট, দৌলতপুর, রোসাংগিরী, সুয়াবিল, নানুপুর, আবদুল্লাহপুর, সমিতিরহাট, বক্তপুর, ধর্মপুরে লোডশেডিং তুলনামূলক বেশি।নানুপুর বাজারের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘উপজেলা সদরে একটু বিদ্যুত্ গেলেই সেখানকার লোকজন বিদ্যুত্ কার্যালয়ে গিয়ে তাঁদের ক্ষোভ ও প্রতিক্রিয়া জানান। কিন্তু আমরা তা করতে পারি না বলে এখানে লোডশেডিং বেশি হয়।’সুয়াবিল এলাকার বাসিন্দা ফয়জুল ইসলাম জানান, চলতি গরমের মৌসুমের শুরু থেকে লোডশেডিং চরম আকার ধারণ করেছে। এ কারণে তাঁর বাসার ফ্রিজ ও টেলিভিশন একাধিকবার নষ্ট হয়েছে। আজাদীবাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, দিনের বেলায় জেনারেটর দিয়ে কোনোমতে দোকান চালাই। রাতে বাসায় ফিরেও নিস্তার নেই। তা ছাড়া ঝড়-বৃষ্টি ছাড়া আকাশে একটু মেঘ দেখা দিলেই বিদ্যুত্ চলে যায়।এ প্রসঙ্গে চট্টগ্রাম পল্লী বিদ্যুত্ সমিতি-২ ফটিকছড়ি কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফখরুল ইসলাম লোডশেডিংয়ের কথা স্বীকার করে বলেন, ‘এলাকার চাহিদা ২০ থেকে ২২ মেগাওয়াট। গ্রিড থেকে সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ ৩ থেকে ৪ মেগাওয়াট। ফলে আমাদের কিছুই করার নেই। জাতীয় গ্রিড থেকে যা পাই তা সমভাবে বণ্টন করি।’