দিনে দিনে কাপ্তাই
‘কাছাকাছি এসে ফোন দেবেন, আমি জুম রিসোর্টের উল্টো দিকে ফ্লোটিং প্যারাডাইসে থাকব।’ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার সময় মুঠোফোনে আমাদের এমনটাই জানালেন প্রথম আলোর কাপ্তাই প্রতিনিধি কাজী মোশাররফ হোসেন। নাম শুনেই কৌতূহল জাগে, এই ‘ভাসমান স্বর্গ’ আসলে কী! চট্টগ্রাম থেকে রাঙামাটির কাপ্তাইয়ের দূরত্ব ৪৯ কিলোমিটার। তবে বন্দরনগর থেকে বের হতেই অনেকটা সময় চলে যায়। অক্টোবরের প্রথম সপ্তাহের কথা। সেদিন আবার কর্মদিবস। তাই শক্তপোক্ত মাইক্রোবাসে সওয়ার হয়েও কাপ্তাই পৌঁছাতে লেগে যায় প্রায় তিন ঘণ্টা। পথে পড়ে হালদা নদী, যেটা মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র। হালদা সেতুর পর রাঙ্গুনিয়া, চন্দ্রঘোনা পেরিয়ে কাপ্তাই। কথামতো কাছাকাছি গিয়ে ফোন করা হয় মোশাররফকে। জানান, জায়গামতো আছেন তিনি। আমি তো বটেই, সঙ্গী চারজন—লরেন্স শ্যামল মল্লিক, মনিরুল ইসলাম, ইমানুয়েল সন্তোষ আর উৎপল চক্রবর্তী—সবার কাছেই কাপ্তাই নতুন। তাই উৎসাহটা একটু বেশিই। সেই উৎসাহ আরও বেড়ে যায় ফ্লোটিং প্যারাডাইসের সামনে নেমে। সবার চোখই গোল্লা গোল্লা হয়ে ওঠে প্রকৃতির রূপ দেখে। রাস্তার এক পাশে বেশ বড় পাহাড়, আরেক পাশে কর্ণফুলী নদী। আর ফ্লোটিং প্যারাডাইস রাস্তার পাশে, ঠিক কর্ণফুলীর ওপরে। তবে ভাসমান নয়, খুঁটির ওপর তৈরি স্থায়ী কাঠামো। জানালার পাশে বসলে নিচে নদী; দূরে পাহাড়ের মধ্য দিয়ে চলা কর্ণফুলীর বাঁক। ঠিক ওপারেই চা-বাগান। সিলেটের চা-বাগান দেখে অভ্যস্ত চোখে এই চা-বাগান অন্য রকম লাগে। যেটা নিয়ে এত কথা, সেটা আসলে কী। ফ্লোটিং প্যারাডাইস একটি রেস্তোরাঁ। মোশাররফের তথ্যমতে, আমরা যাওয়ার চার-পাঁচ দিন আগে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এর।আর এটাই কাপ্তাইয়ের একমাত্র খাবারের হোটেল। দেশি ও বৈচিত্র্যময় নানা পদের খাবার আছে এর মেন্যুতে। একটু ঘুরেফিরে তবে খাওয়া হবে, তাই খাবারের চাহিদা জানানো হলো আগে। লইট্টা মাছের (শুঁটকি নয়) তরকারি, বেলে মাছের ঝুরি ইত্যাদি পদ। কাপ্তাই বিখ্যাত জলবিদ্যুৎকেন্দ্রের জন্য। বিশালবিপুল জলরাশির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের এই কেন্দ্রের কারণেই কাপ্তাই হ্রদ; যার সৌন্দর্য বা বিশালতা নিয়ে কিছু বলা যায় না, অনুভব করা যায়। সড়ক থেকেই দেখা যায় বিদ্যুৎ উৎপাদনের কয়েকটি গেট, কর্ণফুলী নদীতে। কাপ্তাই হ্রদের স্বচ্ছ পানি বিশালাকার প্রপেলার ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে এসে পড়ছে কর্ণফুলীর ঘোলা পানিতে। আগের দিন ঝুম বৃষ্টি হয়েছে, তাই পানি ঘোলা। বিদ্যুৎকেন্দ্রের আগে সড়কের ওপরে বিশাল লোহা আর কংক্রিটের কাঠামো চোখে পড়ে। বন্দরে জাহাজ থেকে কনটেইনার নামাতে ক্রেনের যে ধরনের কাঠামো দেখা যায়, এটাও তেমন। নাম ‘কার্গো পারাপার’। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, সেটা আসলে একটি বাঁধের মতোই। একদিকে কাপ্তাই হ্রদ। সেটার পানির স্তর উঁচুতে। আরেক পাশে কর্ণফুলীর নদীর পানির স্তর কমপক্ষে ৬০-৭০ ফুট নিচে। কাপ্তাই হ্রদ দিয়ে আসা কর্নফুলী নদীগামী নৌকা, বাঁশের বিশাল ভেলা বা অন্য নৌযান এখানে থামে। এরপর এগুলোকে ক্রেন দিয়ে রাস্তা পার করে কর্ণফুলী নদীতে নিয়ে আসা হয়। মালসহ পুরো নৌযান একবারেই পার করা হয়। কাপ্তাই থেকে রাঙামাটির নতুন সড়কটি নাকি দুর্দান্ত। কাপ্তাই যাঁরা ঘুরে আসা প্রায় সবাই এমনটাই বলেছেন।মোশাররফও তাই জানালেন। তবে আগে মাইক্রোবাসের চালকের রীতিমতো ইন্টারভিউ নিয়ে নিলেন তিনি। কারণ, এই পাহাড়ি পথের পুরোটাই চড়াই-উতরাই। আর তীক্ষ সব বাঁক। তবে আমাদের চালক অভিজ্ঞ, আগেও গেছেন এই রাস্তায়। কাপ্তাই থেকে রাঙামাটি, ৩০ কিলোমিটার দৈর্ঘ্য এই রাস্তার। কিছুটা যাওয়ার পর রাস্তার মাহাত্ম্য বোঝা গেল। বাঁ দিকে সবুজ পাহাড়, ডান দিকে নীল হ্রদ। তাও আবার পাহাড়ঘেরা। আমরা পুরোটা যাব না, সময়ে কুলাবে না। আসাম বস্তির সেতু পর্যন্ত। পাহাড়ের ওপর দিয়েই সরু পিচঢালা পথ। রাঙামাটির পথ বলে কথা, পলকে পলকে চোখ জুড়িয়ে যায়। মাঝে মধ্যে দুই দিকে হ্রদ দেখা যায়। মাঝখানে পাহাড়ি একটি দোকান চোখে পড়ে। থামা হয়। দূরে নিচে কাপ্তাই হ্রদের অনেকখানি, শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, তার প্রতিফলন আবার হ্রদের স্বচ্ছ জলে। হ্রদের এখানে সেখানে পাহাড়। আমরা যেখানে থেমেছি, সেই দোকানের পাশেই বড় বড় পেঁপে ঝুলছে গাছে। কিনে নিয়ে কেটে দেখা গেল, ভেতরটা বেশ লাল। জানা গেল, এই পেঁপে জাতে থাই। আরও কিছুদূর গিয়ে পাওয়া গেল আসাম বাজার সেতু। সেতুর দুই দিকেই কাপ্তাই হ্রদ। বাঁ দিকে অবশ্য হ্রদের পরে পাহাড়ের উচ্চতা অনেক বেশি। তখন সূর্য পশ্চিম দিকে হেলতে শুরু করেছে। সোনালি ‘কনে দেখা’ আলো পাহাড় আর হ্রদের পানিতে ছড়িয়ে পড়ছে। নীল আকাশ আর সাদা মেঘ তো আছেই। সেতুর নিচ দিয়ে চলছে আদিবাসীদের নৌকা। ইচ্ছা করে এই সময়টাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করতে। তাই সেতুর ওপর দাঁড়িয়েই থাকি আমরা। তারপর একসময় আবার ফিরতি পথ ধরা। কেননা, সন্ধ্যার পর এই রাস্তায় ঝুঁকি আছে যথেষ্টই। ফিরতি পথে নিজেদের এই পরিকল্পনার প্রশংসা করি নিজেরাই। দিনে দিনে কাপ্তাই ঘুরে আসার এই অভিজ্ঞতা মনে থাকবে আরও অনেক অনেক দিন। যেভাবে যাবেনকাপ্তাইয়ে থাকার কোনো হোটেল নেই। বন বিভাগ, জলবিদ্যুৎ প্রকল্পসহ সরকারি কিছু প্রতিষ্ঠানের রেস্টহাউস আছে, তবে তা সবার জন্য নয়। তাই ভালো হবে রাঙামাটি বা চট্টগ্রামে ঘাঁটি গেড়ে কাপ্তাই ঘুরে আসা। মাইক্রোবাস বা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া যেতে পারে। রাঙামাটি থেকে কাপ্তাই প্রচুর অটোরিকশা চলে; তবে ভালো হয় ফোর হুইল ড্রাইভের গাড়িতে যাওয়া।চট্টগ্রাম থেকে কাপ্তাই বাসে চড়েও যাওয়া যাবে।