দিনে রাতে অচল নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের গুরুত্বপূর্ণ সড়কপথের অন্তত ১২টি স্থানে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে বলে নগর পুলিশের যানবাহন (ট্রাফিক) শাখার হিসাবে শনাক্ত হয়েছে। মোড়গুলো হলো—বিমানবন্দর সড়কের সল্টগোলা ক্রসিং, বারিক বিল্ডিং মোড়, আগ্রাবাদের বাদামতলী ও চৌমুহনী মোড়, জিইসি মোড়, জাকির হোসেন সড়ক, মুরাদপুর মোড়, বহদ্দারহাট মোড়, অক্সিজেন মোড়, কর্ণফুলী সেতু মোড়, চাক্তাই-খাতুনগঞ্জের প্রবেশমুখ ও পাথরঘাটা ব্রিক ফিল্ড রোড। এর মধ্যে কোনো কোনো এলাকায় যানজট গভীর রাত পর্যন্ত দীর্ঘায়িত হচ্ছে।পুলিশ সূত্র জানায়, ট্রাফিক পুলিশ এ ১১টি এলাকাকে তীব্র যানজটপ্রবণ হিসেবে চিহ্নিত করে এসব এলাকাকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রেখেছে। তা সত্ত্বেও কোনো এলাকায় যানজট পরিস্থিতি আশপাশের শাখা সড়ক (ফিডার রোড) পর্যন্ত সম্প্রসারিত হয়। ফলে নগরজীবন দুঃসহ হয়ে উঠেছে।এলাকাবাসী, পুলিশ ও সংশ্লিষ্ট গবেষকদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরের যানবাহনের সংখ্যা বাড়লেও তা যানজটের একমাত্র কারণ নয়। বরং যানবাহনের অপরিকল্পিত চলাচল ও ব্যবস্থাপনা ত্রুটির কারণে সার্বিক পরিস্থিতি দুঃসহ হয়ে ওঠে। সংশ্লিষ্ট লোকজন মনে করেন দিনের বেলায় কিছু এলাকায় যানজট হচ্ছে মূলত সড়কের পাশে বিদ্যালয়-কলেজ থাকায় এবং রাস্তায় ওপর গাড়ি থামিয়ে যখন-তখন যাত্রী ওঠানামা করানোর কারণে। আবার অনেক প্রশস্ত রাস্তার পাশে সারবেঁধে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়, যা সড়কের যানচলাচলের প্রশস্ততা সংকীর্ণ করে দেয়। এ ধরনের সড়কে যানবাহন চলাচল করতে হয় ধীরগতিতে, যা যানজটের অন্যতম প্রধান কারণ বলে সংশ্লিষ্ট লোকজন শনাক্ত করেছেন।দামপাড়ার বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয়, জামালখানের খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের মতো কিছু বিদ্যালয়-কলেজে শত শত শিক্ষার্থী নিজস্ব গাড়ি, রিকশা-অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে একটি নির্দিষ্ট সময়ে আসা-যাওয়া করে। ওই সময়ে যে যানজট পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটি ক্রমান্বয়ে আশপাশের সড়ক ও শাখা সড়কে সম্প্রসারিত হয়।সন্ধ্যার পর কিছু এলাকায় যানজট হচ্ছে সব ট্রাক একসঙ্গে নগরেতে ঢুকে পড়ার প্রতিযোগিতার কারণে। হঠাৎ অনেক ট্রাক নগরে ঢোকার কারণে জিইসি মোড় ও আশপাশের এলাকায় যে যানজট লাগে তা উত্তরে মুরাদপুর-বহদ্দারহাট এবং দক্ষিণে টাইগারপাস পর্যন্ত সম্প্রসারিত হয়। এ সময় রাস্তায় ট্রাফিক পুলিশও থাকে না। ফলে যানচলাচলে সৃষ্টি হয় এক নৈরাজ্যকর পরিস্থিতি।নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার (ডিসি ট্রাফিক) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, যানবাহন বাড়ার পাশাপাশি সেভাবে পরিকল্পিত সড়ক বাড়েনি। জেলার ট্রাকগুলো নগরের ওপর দিয়ে সন্ধ্যার পর চলাচল করে। একটি বাইপাস সড়ক থাকলে জেলার ট্রাক-বাসগুলো বাইপাস ধরে ঢাকা-চট্টগ্রাম সড়কে উঠতে পারত। এখন এগুলো নগরের ওপর দিয়েই চলাচল করে। এ কারণে যানজট হয়। নগরে পরিকল্পিত কোনো বাস-ট্রাক টার্মিনাল না থাকাও যানজটের প্রধান কারণ।