দিনে হাজার টন পয়োবর্জ্যে দূষিত হচ্ছে কর্ণফুলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার পর প্রায় ৫০ বছর পেরিয়ে গেলেও চট্টগ্রাম নগরে কোনো পয়োনিষ্কাশনব্যবস্থা গড়ে তুলতে পারেনি চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃপ্রণালী কর্তৃপক্ষ (ওয়াসা)। নগরের প্রায় ৫০ লাখ অধিবাসীর গৃহস্থালির তরল ও পয়োবর্জ্যে দূষিত হচ্ছে কর্ণফুলী নদী ও নগরের খালগুলো। ক্রমাগত বাড়ছে স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, পয়োবর্জ্যে কলিফর্ম ব্যকটেরিয়াসহ বিভিন্ন ধরনে পানিবাহিত রোগের জীবাণু থাকে। এ ছাড়া গৃহস্থালীর তরল বর্জ্যে দ্রবীভূত ডিটারজেন্টের কারণে কর্ণফুলীর জলজ অনুজীব মারাত্মক ঝুঁকির মুখে। তবে জোয়ার-ভাটা থাকায় পয়োবর্জ্যের চূড়ান্ত ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা হলেও রেহাই পাচ্ছে কর্ণফুলী। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সাবেক উপপরিচালক গোলাম মোহাম্মদ ভুঁইয়া বলেন, ‘একজন মানুষ গড়ে দৈনিক ৬৭০ গ্রাম পয়োবর্জ্য উৎপাদন করে। সেই হিসেবে চট্টগ্রাম নগরের ৫০ লাখ মানুষের উৎপাদিত পয়োবর্জ্যের পরিমাণ হয় দৈনিক তিন হাজার ৩৫০ টন। পাশাপাশি কয়েক কোটি লিটার গৃহস্থালি তরল বর্জ্য উৎপাদিত হয়। এসব বর্জ্যের কারণে স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি বাড়ছে।’ দূষণের কারণে কর্ণফুলীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের (ডিও) পরিমাণও কমে গেছে। এর ফলে হুমকির মুখে পড়েছে নদীর জীব বৈচিত্র্য।পরিবেশবিদ মুহাম্মদ ইদ্রিস আলী জানান, ২০০৪ সালে নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেন (ডিও) ছিল প্রতি লিটারে পাঁচ মিলিগ্রাম। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২ দশদিক ৫ মিলিগ্রামে। এতে করে নদীর পরিবেশ মাছের বেঁচে থাকার অনুপযোগী হয়ে পড়ছে।তিনি আরও জানান, পয়ঃ ও গৃহস্থালির তরল বর্জ্যের পুরোটাই নগরের খালগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলীতে গিয়ে পড়ে। প্রতি লিটার পানিতে কলিফর্ম ব্যকটেরিয়ার গ্রহণযোগ্য মাত্রা হলো ৫০টি। অথচ সাম্প্রতিক গবেষণায় কর্ণফুলীর পানিতে প্রতি লিটারে কলিফর্ম পাওয়া গেছে সর্বোচ্চ এক হাজারটি।গবেষকেরা জানান, গৃহস্থালি তরল বর্জ্যে থাকা ডিটারজেন্ট নদীর অতিক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীর (প্লাংকটন) জন্য বিষ। প্লাংটন মাছ ও অন্যান্য জলজ প্রাণীর খাদ্য। প্লাংকটন কমে গেলে নদীর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে।পরিবেশবিদ ইদ্রিস আলী বলেন, ‘প্লাংকটন কমে যাওয়ায় নদীর বাস্তুসংস্থান নষ্ট হচ্ছে। এ ধরনের অণুজীব না বাঁচলে কর্ণফুলীতে কোনো প্রাণীই থাকবে না।’ কর্ণফুলীতে জোয়ার-ভাটা থাকার কারণেই এই বিপুল পরিমাণ বর্জ্যের কিছু অংশ বঙ্গোপসাগরে গিয়ে পড়ে বলে জানান তিনি।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আবু তৈয়ব বলেন, ‘কলিফর্ম ব্যাকটেরিয়ার কারণে জন্ডিস, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, হ্যাপটাইটিস-বি, যকৃৎ ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ, চর্মরোগসহ ১৩ ধরনের রোগ হতে পারে। তবে কর্ণফুলীতে জোয়ার-ভাটা থাকায় চট্টগ্রামে এ ধরনের রোগের প্রাদুর্ভাব এখনো লক্ষ করা যায়নি।’বিশ্বব্যাংকের অর্থায়নে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প: ১৯৬৩ সালে চট্টগ্রাম ওয়াসা প্রতিষ্ঠার পর গত ৫০ বছরেও পয়ঃসেবা প্রদানে কোনো পয়ঃপ্রণালি গড়ে তুলতে পারেনি ওয়াসা।বিশ্বব্যাংক, সরকার ও ওয়াসার যৌথ অর্থায়নে ‘চট্টগ্রামের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও স্যানিটেশন’ প্রকল্পের অধীনে ‘স্যুয়েরেজ ও ড্রেনেজ’ প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১১ সালের জুনে। এই প্রকল্পের অধীনে পয়োপ্রণালী-সংক্রান্ত গবেষণা ও পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এক হাজার ৭৮ কোটি টাকার এই প্রকল্পের ‘স্যুয়োরেজ ও ড্রেনেজ’ অংশের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ কোটি ৫০ লাখ টাকা। এ বিষয়ে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রতন কুমার সরকার বলেন, এই প্রকল্পের অধীনে নগরের পয়োনিষ্কাশনব্যবস্থা কেমন হবে তা নিয়ে গবেষণা ও প্রস্তাবনা তৈরি করা হবে। সেই অনুসারে পাইলট প্রকল্পে ৩০ হাজার ব্যক্তির পয়োবর্জ্য সংগ্রহ ও পরিশোধনের ব্যবস্থা করা হবে। পরামর্শক নিয়োগ প্রায় চূড়ান্ত পর্যায়ে। ২০১৫ সালের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হবে।