দিনে হাজার মণ কাঠ পাচার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সংরক্ষিত বনের গাছ কেটে ইটভাটায় ব্যবহার ও দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। এখানকার বন থেকে প্রতিদিন কয়েক হাজার মণ জ্বালানি কাঠ পাচার করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানের সংরক্ষিত ও সামাজিক বনায়নের কাঠ দেশের বিভিন্ন স্থানে পাচার করছে অন্তত ২০টি ট্রাক।
বন বিভাগ সূত্র জানায়, উপজেলা বন বিভাগের ৩২০ বর্গকিলোমিটার বনাঞ্চল রয়েছে। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে সামাজিক ও ব্যক্তিমালিকানাধীন বাগানও রয়েছে। এসব বনাঞ্চল থেকে অবাধে গাছ কেটে নিচ্ছেন একশ্রেণির কাঠ ব্যবসায়ী। এমনকি বাদ যাচ্ছে না সংরক্ষিত বনের গাছও। মূলত ইটভাটায় জ্বালানির জোগান দিতেই একশ্রেণির ব্যবসায়ী গাছ কাটছেন। জ্বালানি কাঠ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, উপজেলার ৪৯টি ইটভাটা ও অর্ধশতাধিক ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে প্রতিদিন কয়েক হাজার মণ কাঠ সরবরাহ করেন তাঁরা।
ব্যবসায়ীদের মতে, উপজেলার ভূজপুর, হারুয়ালছড়ি, বাগানবাজার, দাঁতমারা, শান্তিরহাট, হেঁয়াকো, নারায়ণহাট, মীর্জারহাট, কাঞ্চননগর, শোভনছড়ি, হাজারীখীল ও সর্তা থেকে সবচেয়ে বেশি জ্বালানি কাঠ পাচার হয়।
দীর্ঘদিন ধরে উপজেলার কাজিরহাট-নাজিরহাট এবং খাগড়াছড়ি সংযোগ সড়কের বিবিরহাট-নাজিরহাট সড়কটি কাঠ পাচারের নিরাপদ সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই এলাকার কাঠ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাঁরা বিভিন্ন অঞ্চল থেকে কাঠ কিনে তা সুবিধাজনক স্থানে রাস্তার ধারে এনে জমা করেন। সেখান থেকে ট্রাকে করে বিভিন্ন স্থানে পাঠানো হয়।
সরেজমিনে উপজেলার নারায়ণহাট গিয়ে দেখা যায়, রাস্তার পাশেই স্তূপ করে রাখা হয়েছে ৫০ মণ জ্বালানি কাঠ। একাধিক জিপগাড়িতে শ্রমিক দিয়ে সেসব ওঠানো হচ্ছিল। শ্রমিকদের একজন মো. মুসা জানান, সামাজিক বনায়ন এবং এলাকার বিভিন্ন লোকের বাগান থেকে সংগ্রহ করা এসব কাঠ ইটভাটা ও বেকারিতে সরবরাহ করা হবে।
কাঠ ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, ‘আমি ও আমার লোকজন বিভিন্ন গ্রামে ঘুরে গাছ সংগ্রহ করে ইটভাটায় পাঠাই। উপজেলার উত্তরাঞ্চল, ভূজপুর ও সদরে এ রকম আরও ৮-১০ জন ব্যবসায়ী আছেন, যাঁরা ইটভাটাসহ বিভিন্ন স্থানে কাঠ সরবরাহ করেন।’
ভূজপুরের জ্বালানি কাঠ ব্যবসায়ী আবু তালেব জানায়, ভূজপুরে সাত-আটজন ব্যবসায়ী আছেন। এখান থেকে প্রতিদিন চার-পাঁচটি জ্বালানি কাঠবোঝাই ট্রাক চট্টগ্রাম, ফেনী ও ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া উপজেলার ইটভাটাগুলোতে দৈনিক কমপক্ষে এক হাজার মণ জ্বালানি কাঠ সরবরাহ করা হয়। বন বিভাগের হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা শহীদুল আলম বলেন, কাঠ পাচারের বিষয়টি অনেক দিন ধরেই চলছে। এতে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, ‘বন বিভাগের অনুমতি ছাড়া যেকোনো ধরনের গাছ কাটা সম্পূর্ণ বেআইনি। কিন্তু জনপ্রতিনিধিদের বিরোধিতা ও আমাদের জনবলসংকটের কারণে এসব বিষয়ে আমরা ব্যবস্থা নিতে পারি না। তার পরও সার্বিক দিক বিবেচনা করে আমরা বৃক্ষনিধন রোধে তৎপর রয়েছি।’