দিনে ১৫ লাখ টাকার কাঠ পুড়ছে রাঙ্গুনিয়ার ইটভাটায়
দিনে ১৫ লাখ টাকার কাঠ পুড়ছে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইটভাটায়। জ্বালানি কাঠ ব্যবসায়ীচক্র সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব কাঠ কেটে জিপে (চাঁদের গাড়ি) করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে প্রকাশ্যে এসব কাঠ নেওয়া হলেও বনবিভাগ নির্বিকার।
২১ জানুয়ারি বিকেলে সরেজমিনে সরফভাটার গোডাউন এলাকায় গিয়ে দেখা যায়, জামাল এক্সপ্রেস নামের একটি জিপে জ্বালানি কাঠ তোলা হচ্ছে। জানতে চাইলে গাড়িচালক মো. সবুর জানান, সরফভাটার পাহাড়ি বনাঞ্চল থেকে আনা এসব কাঠ উত্তর রাঙ্গুনিয়ার ইসলামপুর ইটভাটায় নেওয়া হচ্ছে।
একই দিন রাজানগর ইউনিয়নের এবিএম ইটভাটায় গিয়েও জ্বালানি কাঠ পোড়াতে দেখা যায়। জানতে চাইলে ইটভাটার ব্যবস্থাপক নেজাম উদ্দীন বলেন, ‘আমাদের ভাটায় প্রতি মৌসুমে কয়লা দিয়ে ইট পোড়ানো হয়। এবার দেশের অবস্থা ভালো না থাকায় বাইরে থেকে কয়লার গাড়ি আসতে পারেনি। তাই আপাতত কয়েক দিন কাঠ পোড়ানো হচ্ছে।’
বেতাগী কেএমবি ইটভাটার মালিক মো. ফরিদ বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের অনুমোদনে আমরা ইটভাটা চালাচ্ছি। হরতাল-অবরোধের কারণে কয়লার গাড়ি আসতে না পারায় সাময়িকভাবে কাঠ পোড়াতে বাধ্য হয়েছি। এখন কয়লা আনার ব্যবস্থা করছি।’
খোঁজ নিয়ে জানা যায়, রাঙ্গুনিয়ার রানীরহাট, ইসলামপুর, রাজানগর, ঠাণ্ডাছড়ি, হোসনাবাদ, কোদালা, পোমরা, বেতাগী, সরফভাটা ও বাঙ্গালহালিয়া এলাকার অন্তত ৩০টি ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে।
চন্দ্রঘোনা রাইখালী ফেরি দিয়ে রাজস্থলী ও কাপ্তাই পাল্পউড বাগানের সংরক্ষিত বনাঞ্চল ও রাঙ্গুনিয়া রেঞ্জের খুরুশিয়া দশমাইল এলাকা থেকেও চন্দ্রঘোনা হয়ে হোসনাবাদ নিশ্চিন্তাপুরের নয়টি ইটভাটায় কাঠ পাচার হয়। এ ছাড়া, রাঙ্গুনিয়া রেঞ্জের রানীরহাট, ইসলামপুর, কোদালা, পদুয়া, সরফভাটার চিরিঙা ও পোমরার বন থেকেও কাঠ পাচার হচ্ছে সমানে।
স্থানীয় লোকজন জানান, এভাবে প্রতিদিন শতাধিক চাঁদের গাড়ি করে ১৫ লক্ষাধিক টাকার জ্বালানি কাঠ বিভিন্ন ইটভাটায় ঢুকছে। রাঙ্গুনিয়া ছাড়াও পার্শ্ববর্তী কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকেও প্রচুর কাঠ পাচার হয়ে আসছে ভাটাগুলোতে। আর এতে শতাধিক কাঠ ব্যবসায়ী জড়িত। বনবিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগসাজশ ছাড়া এভাবে প্রকাশ্যে কাঠ পাচার ও পোড়ানো সম্ভব হতো না বলে তাঁরা মন্তব্য করেন। তাঁদের আশঙ্কা, এভাবে কাঠ পাচার ও পোড়ানো চলতে থাকলে সংশ্লিষ্ট এলাকার বনাঞ্চল অচিরেই বৃক্ষশূন্য হয়ে যাবে এবং এতে পরিবেশ হুমকির মুখে পড়বে।
জানতে চাইলে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ ইটভাটায় যাওয়ার অভিযোগ অস্বীকার করেন রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা শেখ শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘আমি রাঙ্গুনিয়া রেঞ্জে যোগ দিয়েছি অল্প কিছুদিন হচ্ছে। এসেই কাঠ পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’