দিনে ১৬ ঘণ্টা লোডশেডিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকেরা। দিনে সাকল্যে বিদ্যুৎ মিলছে আট ঘণ্টা। তাও ঠিক থাকছে না। মাঝেমধ্যে তা নেমে আসে পাঁচ থেকে ছয় ঘণ্টায়। সারা দিনে লোডশেডিং করা হচ্ছে গড়ে ১৬ ঘণ্টা। ফলে দুর্ভোগ চরমে উঠেছে।
গ্রাহকদের অভিযোগ, দুই সপ্তাহ ধরে মাত্রা ছাড়িয়ে গেছে লোডশেডিং। এক ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার পর টানা তিন ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। অনেক সময় আধা ঘণ্টা পর সাড়ে তিন ঘণ্টাও লোডশেডিং করা হয়। রাতে বিদ্যুতের অভাবে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে। নষ্ট হচ্ছে ইলেকট্রনিক সামগ্রী। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কাজও চলছে ধীর গতিতে।
মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার বাসিন্দা নুর বক্স বলেন, লোডশেডিং বাড়লেও বিদ্যুতের বিল কমেনি, বরং বাড়ছে। বিদ্যুৎ অফিসে অভিযোগ দিলেও তারা এসব আমলে নেয় না।
গোরকঘাটা বাজারের হোটেল মিষ্টি মুখের পরিচালক নুর হোসাইন বলেন, তীব্র লোডশেডিংয়ের কারণে হোটেল চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। জেনারেটরের জ্বালানি খরচ বেড়ে গেছে।
এ প্রসঙ্গে পল্লি বিদ্যুৎ সমিতির মহেশখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, ‘এ এলাকায় বিদ্যুতের চাহিদা রয়েছে ছয় মেগাওয়াট। কিন্তু বরাদ্দ মিলছে মাত্র এক মেগাওয়াট।
এ কারণে তিন ঘণ্টা লোডশেডিং করার পর গ্রাহকেরা এক ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন। এতে গ্রাহকেরা ভোগান্তির কবলে পড়লেও আমাদের কিছুই করার নেই।’