দিনে ১৭ ঘণ্টা অব্যবহূত ৪ আধুনিক ক্রেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর অত্যাধুনিক যন্ত্র গ্যান্ট্রি ক্রেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার বন্দরে আনা এবং বেসরকারি ডিপোতে কনটেইনার নিয়ে যেতে দেরি হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। বন্দরের ‘চিটাগাং কনটেইনার টার্মিনাল’ (সিসিটি) জেটি পরিচালনা করছে বেসরকারি সংস্থা সাইফ পাওয়ার টেক লিমিটেড। এই সংস্থার পরিচালন কর্মকাণ্ডের মাসিক প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর মাসে চারটি গ্যান্ট্রি ক্রেনের পরিচালন সময় ছিল ৮৭০ ঘণ্টা। অর্থাৎ প্রতিদিন প্রতিটি গ্যান্ট্রি ক্রেন ব্যবহার হয়েছে মাত্র সাত ঘণ্টা। জেটিতে জাহাজ না থাকা, সময়মতো ট্রেইলর না পাওয়া ও রপ্তানিপণ্য বন্দরে ঢুকতে দেরিসহ অন্তত আটটি কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বন্দর সূত্র জানায়, ২০১০ সালে সিসিটির দুটি জেটিতে ৩১৬টি কনটেইনার জাহাজে কনটেইনার ওঠানো-নামানো হয়। এ দুটিসহ বন্দরের ১০টি জেটিতে এক বছরে কনটেইনার ওঠানো-নামানো হয় মোট ৮৫১টি জাহাজে। অর্থাৎ বন্দরে যত কনটেইনার জাহাজ এসেছে, সেগুলোর ৩৭ শতাংশই পরিচালনা হয়েছে সিসিটি জেটি দিয়ে। কিন্তু গ্যান্ট্রি ক্রেনের সর্বোচ্চ ব্যবহার না করায় এই দুটি জেটিতে পর্যাপ্ত উৎপাদনশীলতা পাওয়া যাচ্ছে না।বন্দরের একটি প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের প্রথম ছয় মাসে গড়ে প্রতি ঘণ্টায় সাধারণ কার্গো জেটিতে জাহাজের ক্রেন ব্যবহার করে ১২ বক্স কনটেইনার ওঠানো-নামানো হয়। অথচ সিসিটি জেটিতে গ্যান্ট্রি ক্রেন ব্যবহার করে ঘণ্টায় কনটেইনার ওঠানো-নামানোর হার ১৫ বক্স। এ ছাড়া সাধারণ কার্গো জেটিতে জাহাজের ক্রেনের সাহায্যে দিনে গড়ে প্রতিটি জাহাজ থেকে ৩৩৩ বক্স কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। আর সিসিটি জেটিতে প্রতিটি জাহাজ থেকে প্রতিদিন গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে গড়ে ৪১৭ বক্স কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। গ্যান্ট্রি ক্রেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে এই হার আরও বাড়ত বলে জানা গেছে। এ প্রসঙ্গে সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, বেসরকারি আইসিডি থেকে সময়মতো রপ্তানিপণ্য জেটিতে পৌঁছানো হলে এই সমস্যা থাকবে না। আবার যেসব কনটেইনার সরাসরি আইসিডিতে নেওয়া হয়, সেগুলো পরিবহনের জন্য আইসিডি থেকে সময়মতো ট্রেইলর আসতে হবে। তাহলে গ্যান্ট্রি ক্রেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে। সাইফ পাওয়ার টেকের একটি প্রতিবেদনে পরিচালন কর্মকাণ্ডে সময় নষ্ট হওয়ার আটটি কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রধান দুটি কারণ ছাড়াও অন্যগুলোর মধ্যে রয়েছে গ্যান্ট্রি ক্রেন অচল হয়ে পড়া, জাহাজ থেকে পণ্য খালাসের জন্য বন্দর থেকে অনুমতির অপেক্ষা, আইসিডি ইয়ার্ডে জট ইত্যাদি। বন্দরের দক্ষতা বাড়ানোর যে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানেও শতভাগ রপ্তানি পণ্যবাহী কনটেইনার নির্ধারিত সময়ে বন্দরের অভ্যন্তরে ঢোকানোর কথা বলা হয়েছে। আগামী জুনের মধ্যে রপ্তানিপণ্য বন্দরে আসার নির্ধারিত সময়সীমা শিথিল করা হবে না বলেও উল্লেখ করা আছে। অর্থাৎ জেটিতে জাহাজ আসার পরপরই ওই জাহাজে যেসব রপ্তানিপণ্য বোঝাই হবে সেগুলো বন্দর অভ্যন্তরে আসতে হবে। এ প্রসঙ্গে বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আগামী মার্চে ‘কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম—সিটিএমএস’ নামের স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে রপ্তানিপণ্য বন্দরে আসার নির্ধারিত সময়সীমা শিথিল করার সুযোগ থাকবে না। এটি কার্যকর হলে গ্যান্ট্রি ক্রেনের ব্যবহারও বাড়বে বলে তিনি মনে করেন। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর জন্য প্রায় দেড় শ কোটি টাকা ব্যয়ে জাপান থেকে চারটি গ্যান্ট্রি ক্রেন সংগ্রহ করা হয়। ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি সিসিটি বার্থে এ চারটি গ্যান্ট্রি ক্রেন সংযোজন করা হয়। বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর ১০টি জেটি আছে। সিসিটির দুটি জেটিতে গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে কনটেইনার ওঠানো-নামানো হলেও অন্য আটটি জেটিতে জাহাজের ক্রেনের সাহায্যে কনটেইনার ওঠানো-নামানো হয়। সব জেটিই বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে।