খাগড়াছড়ির দীঘিনালার ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের আওতাধীন দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদু উপজেলায় দিনে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করার কথা থাকলেও ছয় ঘণ্টার বেশি পাওয়া যাচ্ছে না। একবার বিদ্যুৎ এলে এর স্থায়িত্ব হয় ২০ থেকে ২৫ মিনিট। তা-ও লো-ভোল্টেজের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার যন্ত্রপাতি, পানি সরবরাহের মোটর চলছে না। আবার সামান্য বাতাস ও মেঘ করলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।পিডিবি সূত্র জানায়, দীঘিনালার বিদ্যুৎ উপকেন্দ্রের মাধ্যমে মেরামত, পরিচালন ও সংরক্ষণ করা হয়। লোডশেডিং পরিচালনা করা হয় নাজিরহাট ও খাগড়াছড়ি থেকে। তিন উপজেলার জন্য বিদ্যুতের চাহিদা রয়েছে তিন মেগাওয়াট। হাটহাজারী থেকে ১৩৫ কিলোমিটার দীর্ঘ লাইনের কারণে ৩৩ কেভির স্থলে ২১ কেভি ও ১১ কেভির স্থলে পাওয়া যায় আট কেভি। লো-ভোল্টেজের সমস্যাটি তাই প্রকট। ১৩ জুন দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ উপকেন্দ্রের ভোল্টেজ মিটার দিয়ে পরীক্ষা করে দেখা যায়, সেখানে ২২০ ভোল্টের মধ্যে উপকেন্দ্রেই রয়েছে মাত্র ১৭২ ভোল্টেজ। পিডিবির সূত্র মতে, খাগড়াছড়ির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ১৩৫ কিলোমিটার দূরবর্তী হাটহাজারী রিয়েল উপকেন্দ্রই নিয়ন্ত্রণ করে। এই রিয়েল উপকেন্দ্রের আওতায় ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন পাঁচটি উপকেন্দ্র রয়েছে। এসব উপকেন্দ্রের মাধ্যমে খাগড়াছড়ি জেলার আটটি ও রাঙামাটির তিনটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। ১৩৫ কিলোমিটার দূরবর্তী রিয়েল উপকেন্দ্রে কোনো যান্ত্রিক ও প্রাকৃতিক গোলযোগ দেখা দিলে ১১টি উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। উপকেন্দ্রগুলোতে গার্ড ওয়্যার না থাকায় মাঝামাঝি একটি উপকেন্দ্রে ত্রুটি দেখা দিলেও বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকে। জেলায় বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা না থাকায় ১৩৫ কিলোমিটার এলাকায় শত শত খুঁটির মধ্যে বজ্রপাতে কোনো একটি খুঁটির ইনস্যুলেটর (খুঁটিতে বিদ্যুতের তার আটকানোর চীনামাটির তৈরি খাপ) ভেঙে গেলে উপকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা যায় না। বিদ্যুৎ এলেও সঙ্গে সঙ্গে উপকেন্দ্রের ট্রান্সফরমারগুলোর ফিউজ কেটে যায়। ফলে এই ১৩৫ কিলোমিটার দূরের সব খুঁটি একটি একটি করে ইনস্যুলেটর পরীক্ষা করে ত্রুটি বের করতে হয়। ইনস্যুলেটর পরীক্ষা করতে গিয়ে এক দিন দুই দিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আর এসব কাজ সম্পন্ন করতে যে লোকবল প্রয়োজন তা-ও নেই। ১৯৮৫ সালে উপকেন্দ্রটি চালুর সময় লোকবল ছিল ১০ জন। এখন লোকবল রয়েছে আবাসিক প্রকৌশলীসহ মাত্র চারজন। দীঘিনালা উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্নমানিক চাকমা বলেন, ‘আমরা সৃষ্টিকর্তার ওপর ভরসা করে বিদ্যুৎ সরবরাহ করছি। মাত্র চারজন লোকবল দিয়ে কীভাবে কারিগরি, মাঠ পর্যায়ে কাজ চালাব। আর ১৩৫ কিলোমিটার দীর্ঘ লাইনে বিদ্যুৎ সরবরাহের কারণেই ভোল্টেজ সমস্যা হচ্ছে। যেমন ৩৩ কেভির এ উপকেন্দ্রে আমরা পাচ্ছি ২১ কেভি। এখান থেকে দুই উপজেলায় সরবরাহ হচ্ছে ১১ কেভি লাইনে। সেখানে যাচ্ছে আট কেভি। গ্রাহকেরা বিদ্যুতের যে ভোগান্তি পোহাচ্ছে আমরাও একই ভোগান্তি পোহাচ্ছি।’