দিন-রাত ভোটারের দরজায় প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী প্রচারণায় পটিয়া এখন সরগরম। আশিয়া ইউনিয়নের পূর্বপাড়ায় বিএনপি চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী (বাঁয়ে) ও পশ্চিম বাথুয়া গ্রামে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হাসেমের গণসংযোগ। ১৯ মে সন্ধ্যার চিত্র l প্রথম আলো
নির্বাচনী প্রচারণায় পটিয়া এখন সরগরম। আশিয়া ইউনিয়নের পূর্বপাড়ায় বিএনপি চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী (বাঁয়ে) ও পশ্চিম বাথুয়া গ্রামে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হাসেমের গণসংযোগ। ১৯ মে সন্ধ্যার চিত্র l প্রথম আলো

সকালে ঘুম ভাঙছে প্রার্থীর ডাকে। আবার বিকেলেও চায়ের আসরে প্রার্থী। রাতেও ভোটারের দরজায় কড়া নাড়ছেন প্রার্থীরা। পটিয়ার আনাচ-কানাচে এখন একই চিত্র। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় সরগরম জনপদ।
পটিয়া উপজেলা নির্বাচনী কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ জানান, পঞ্চম ধাপে উপজেলার ২২ ইউপির মধ্যে ২১টিতে নির্বাচন হবে ২৮ মে। বাকি একটি ইউনিয়ন শোভনদণ্ডীতে নির্বাচন অনুষ্ঠিত হবে ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন। ২১টি ইউপিতে চেয়ারম্যান পদে ৭৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৫ জন ও সাধারণ সদস্য পদে ৮০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দক্ষিণ ভূর্ষি ইউপির আওয়ামী লীগ–সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে সড়ক ও পাড়া-মহল্লা। দুপুরের পর থেকে রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর সমর্থনে সমানে চলছে মাইকিং ও গণসংযোগ। সবখানেই চলছে নির্বাচনী হিসাব-নিকাশ।
১৮ মে আশিয়া ইউনিয়নে পূর্বপাড়া গ্রামে গণসংযোগের সময় কথা হয় বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, সরকারদলীয় নেতারা ভোট কেড়ে নেবেন এবং এক ভোট পেলেও তাঁরা চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে হুংকার দিচ্ছেন।
পশ্চিম বাথুয়া গ্রামে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগের সময় কথা হয় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হাসেমের সঙ্গে। তিনি বলেন, ‘আশিয়ায় যেভাবে উন্নয়ন হয়েছে তাতে এলাকার ৯৫ শতাংশ ভোটার আমার পক্ষে রয়েছে। বিএনপির প্রার্থীর অভিযোগ সত্য নয়। এ রকমই যদি, তাহলে আমি তো ভোটারদের ঘরে ঘরে যেতাম না। তাঁর (বিএনপির প্রার্থী) জনসমর্থন না দেখে এ ধরনের কথা বলছেন।’
খরনা ইউনিয়নের রেলস্টেশন এলাকায় ১৭ মে সন্ধ্যায় গিয়ে দেখা গেছে, মাত্র এক শ গজের ব্যবধানে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থী দুজনেরই নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে একটু উত্তেজনা দেখা যায়।
এই ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুর রহমান বলেন, দলের বিদ্রোহী প্রার্থী ধানের শীষের ডামি প্রার্থী হিসেবে কাজ করছেন। তিনি আরও বলেন, ‘গতবার মাত্র ৩০ ভোটের ব্যবধানে আমি পরাজিত হয়েছি। এ কারণে এবার মানুষের কাছ থেকে ব্যাপক সহানুভূতি পাচ্ছি।’
বিদ্রোহী প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এ কে এম আবদুল মতিন চৌধুরী বলেন, ২১ বছর আমি এলাকার চেয়ারম্যান এবং দীর্ঘদিন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। এ কারণে এলাকায় আমার ভাবমূর্তি ভালো। আমাকে কারও ডামি প্রার্থী হতে হয় না।’
এদিকে অন্য ইউনিয়ন কচুয়াই, হাবিলাসদ্বীপ, কাশিয়াইশ, হাইদগাঁও, কেলিশহর, শিকলবাহা, চরলক্ষ্যা, চরপাথরঘাটা, জুলধা, বড়উঠান, কুলাগাঁও, বড়লিয়া, জঙ্গলখাইন, ধলঘাট, জিরি, কুসুমপুরা, ছনহরা ও ভাটিখাইনেও প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারের ঘরে ঘরে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও করছেন নানা হিসাব-নিকাশ।
কথা হয় হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের ভোটার জিয়াউদ্দিনের সঙ্গে। তিনি এবার প্রথম ভোট দেবেন। তিনি বলেন, এলাকার উন্নয়নে যিনি বেশি অবদান রাখতে পারবেন বলে মনে হবে, তাঁকেই ভোট দেব। আমরা চাই সুষ্ঠু ভোট হোক।
কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকায় মোহাম্মদ ইউসুফ নামের এক বয়স্ক ভোটার বলেন, প্রার্থীরা তো ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট গেলে অনেকের দেখা মেলে না। তাই দেখেশুনে ভোট দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সমন্বয়কারী আবুল হাসেম বলেন, ‘পরিবেশ শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আচরণবিধি দেখার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। কোনো প্রার্থীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যাচ্ছেন। আমি নিজেও কয়েকটি ইউনিয়নে গিয়ে আচরণবিধি লঙ্ঘন বিষয়ে সতর্ক করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’