দিবানিদ্রা শিশুর জন্য উপকারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জন্ম নেওয়া শিশুরা অধিকাংশ সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়। এটা তাদের স্মৃতি গঠনে সহায়ক। পাশাপাশি যেসব নতুন আচরণ তারা শিখেছে, সেগুলো আত্মস্থ করতেও ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে। তাই দিনে বা রাতে যখনই হোক, শিশুদের নিদ্রা উপকারী। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এসব কথা জানিয়েছেন। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষক জেন হারবার্ট বলেন, অনেকের ধারণা নতুন কিছু শেখার জন্য শিশুদের বেশি বেশি জেগে থাকা ভালো। কিন্তু ৬ থেকে ১২ মাস বয়সী সুস্থ ২১৬টি শিশুর ওপর পরিচালিত গবেষণায় দেখা যাচ্ছে, ঘুমন্ত অবস্থায়ও তাদের শেখার প্রক্রিয়া চলতে থাকে। আইএএনএস।