দিলমা রুসেফের দুর্নীতিবিরোধী লড়াই
ক্ষমতায় আসার আট মাসের মধ্যেই বড় ধরনের ঝামেলায় পড়েছেন ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রুসেফ। কয়েকজন মন্ত্রী ও প্রশাসনের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বেশ বেকায়দায় ফেলেছে তাঁকে। এখন চলছে তাঁর প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার লড়াই।শুদ্ধি অভিযানের জের ধরে এরই মধ্যে কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। বরখাস্ত হয়েছেন অনেক কর্মকর্তা। এখন দেশ পরিচালনার চেয়ে নিজের দুর্গ সামলানোই যেন মুখ্য হয়ে উঠেছে রুসেফের কাছে। গত বছরের ৩১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন দিলমা রুসেফ। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেত্রীদের মধ্যে তিনি একজন। এমন একজন নেত্রীর কাছ থেকে জনগণের ইতিবাচক কিছু প্রত্যাশা করাটাই স্বাভাবিক। কিন্তু দেশ ও দেশের মানুষের কথা ভাববেন কী, ক্ষমতাসীন জোট সরকারের অন্তর্দ্বন্দ্ব মোকাবিলা করতেই হিমশিম খাচ্ছেন তিনি।গত জুন থেকে এ পর্যন্ত চারজন মন্ত্রী দুর্নীতির কলঙ্ক নিয়ে সরে গেছেন। তাঁদের কেউ পদত্যাগ করেছেন, কেউ-বা বরখাস্ত হয়েছেন। সংবাদমাধ্যমে আরও কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের খবর প্রচারিত হয়েছে। কয়েকজন বিশ্লেষকের মতে, বর্তমান সরকারের সুশাসনের ঘাটতির পরিণতিতে এসব ঘটছে; আবার কেউ-বা বলছেন, সাবেক সরকারের দুর্নীতিরই জের টানছে রুসেফের সরকার।দিলমা রুসেফের এ পর্যন্ত শাসনে সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি হচ্ছে চিফ অব স্টাফ আন্তোনিও পালোচ্চির বিদায়। খুব কম সময়ে বিপুল পরিমাণ সম্পদের অধিকারী হয়েছেন তিনি। এ নিয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন ওঠার পর গত জুনে পদত্যাগ করেন পালোচ্চি, তবে তিনি অভিযোগ মেনে নেননি। বলেছেন, তাঁর নামে রটা দুর্নাম যাতে প্রেসিডেন্টের অবস্থান দুর্বল না করে, এ জন্য পদ ছেড়ে দিয়েছেন।পালোচ্চিকে নিয়ে বেশ দোনোমনায় ভুগেছেন রুসেফ। এর মধ্যে ফুলেফেঁপে উঠতে থাকে সরকারের দুর্নীতিবিষয়ক গুঞ্জন। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট তড়িঘড়ি করে বিশিষ্ট কূটনীতিক সেলসো আমোরিমকে নিয়োগ দেন। আগস্টের শুরুতে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নেলসন জবিমের স্থলাভিষিক্ত হন তিনি। সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভার শাসনামলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন আমোরিম। কিন্তু দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমের তোপের মুখে তড়িঘড়ি করে আমোরিমকে নিয়ে আসার ব্যাপারটিকে অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলেই মনে করা হচ্ছে।ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হওয়ার আগেই দিলমা রুসেফের সরকার থেকে গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীর বিদায় নেওয়ার ঘটনা সাবেক সরকারের সঙ্গে তাঁর সরকারের নীতির বড় ধরনের পার্থক্য তুলে ধরেছে। ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্ট লুলা সমস্যা মোকাবিলায় সরাসরি হস্তক্ষেপ করেননি। শ্রমিক বিষয়ে সমিতির দক্ষ মধ্যস্থতাকারীর সহায়তা নিয়েছেন। সংঘাত এড়াতে প্রয়োজনে নমনীয় হয়েছেন তিনি। কিন্তু রুসেফ যেসব ব্যবস্থা নিচ্ছেন, সবই সরাসরি ও কঠোর। এ নির্মম শুদ্ধি অভিযান তাঁর জোটের শরিক দলগুলোর সঙ্গে এরই মধ্যে টানাপোড়েন সৃষ্টি করেছে।দিলমা রুসেফ যা-ই করুন না কেন, পিএমডিবির নেতাদের মন জুগিয়েই তা করতে হবে। সামনে রয়েছে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি। রুসেফের কর্মসূচিতে অগ্রাধিকার হিসেবে যেসব প্রকল্প রয়েছে, বিশ্বকাপের সফল আয়োজন এর একটি। শরিকদের সহায়তা ছাড়া তিনি এত বড় কাজে এগোতে পারবেন না।সম্প্রতি এক ভাষণে দিলমা রুসেফ আভাস দিয়েছেন, তিনি আর কোনো মন্ত্রীকে জোর করে সরাবেন না; তবে পেশাদার রাজনীতিকের সীমাবদ্ধতা ডিঙিয়ে তিনি দুর্নীতি দমনে ভিন্ন পথও বেছে নিতে পারেন। তা হচ্ছে, বিপুল জনসমর্থনে গত বছর অনুমোদিত ‘ফিশা লিম্পা’, যা ইংরেজিতে ‘ক্লিন রেকর্ড ল’ বলে পরিচিত। ১০ লক্ষাধিক নাগরিকের স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে আইনটি অনুমোদিত হয়। এ আইন অনুযায়ী, দুর্নীতির অভিযোগে কারও বিরুদ্ধে মামলা হলে তিনি আর স্বপদে বহাল থাকতে পারবেন না; পাবেন না মন্ত্রী বা জনপ্রতিনিধির পদ। শরিফুল ইসলাম ভূঁইয়া