দিলমা রুসেফের সামনে কঠিন সময়

আগামী অক্টোবরে ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ক্ষমতাসীন দিলমা রুসেফ দ্বিতীয় মেয়াদে লড়ার জন্য তৈরি হচ্ছেন। তবে তাঁর পায়ের তলার মাটি খুব শক্ত মনে হচ্ছে না। অনেকেরই অভিযোগ, দিলমা রুসেফ জাতিকে বিভক্ত করেছেন। এই প্রেক্ষাপটে এগিয়ে যাচ্ছেন তাঁর প্রতিদ্বন্দ্বীরা।
দিলমা রুসেফ যে পুনর্নির্বাচনের জন্য লড়বেন, তা গত মে মাসেই ঠিক হয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এল গত সপ্তাহে। ‘পার্তিদো দস ত্রাবালহাদরেস’ (ওয়ার্কার্স পার্টি, পিটি)-এর প্রার্থী ঘোষণা করা হলো দিলমা রুসেফকে। ব্রাজিলিয়ান ইনস্টিটিউব অব পাবলিক ওপিনিয়ন অ্যান্ড স্ট্যাটিসটিকসের এক জরিপের ফলে দেখা গেছে, রুসেফের পেছনে জনসমর্থন ৩৯ শতাংশ। সেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাসিও নেভিসের প্রতি সমর্থন মাত্র ২১ শতাংশ।
তবে পর্যবেক্ষকেরা বলছেন, দলের মনোনয়ন পাওয়া এক বিষয় আর জয় আরেক। আগামী কয়েকটি মাস বেশ কঠিনই হতে যাচ্ছে রুসেফের জন্য। গত এক বছর ধরে তাঁর জনপ্রিয়তা কমছে। গত কয়েক মাসে সইতে হয়েছে তীব্র সমালোচনা।
৬৭ বছর বয়সী দিলমা রুসেফ শুধু ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট নন, বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে প্রকাশ্যে গালমন্দ শোনা প্রথম রাষ্ট্রপ্রধানও। ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের দিন সাও পাওলোর স্টেডিয়ামের ব্রাজিলীয় দর্শকেরা মনের ঝাল ঝেড়েছেন রুসেফের ওপর। ঘটনার পর কয়েক দিন ধরে দেশজুড়ে আলোচনার ঝড় চলে এ নিয়ে। তবে ফুটবল দর্শকদের এমন আচরণের বিষয়টা গায়ে মাখেননি রুসেফ। অন্তত মুখে স্বীকার করেননি। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘লাঞ্ছনা আমাকে ভীত করবে না। জীবনে এর চেয়ে আরও অনেক খারাপ জিনিস সইতে হয়েছে আমাকে। সয়েছি অসহনীয় মাত্রার শারীরিক নির্যাতনও। চাপের মুখে নতি স্বীকার করব না আমি।’
১৯৭০ সালে সামরিক স্বৈরশাসকদের হাতে নির্যাতিত হয়েছিলেন দিলমা রুসেফ। ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ব্রাজিলের ক্ষমতায় ছিল ওই জান্তা। বুলগেরীয় অভিবাসীর মেয়ে রুসেফ তখন বেলো হরিজোন্তে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্রী। ষাট দশকের শেষ দিকে ‘ভ্যানগার্দিয়া আর্মাদা রেভলুসিওনারিয়া পালমারেস’ নামে এক গেরিলা সংগঠনে যোগ দিয়েছিলেন তিনি। এই মেয়ে একদিন দেশের প্রেসিডেন্ট হবেন, তা কারও কল্পনাতেই আসেনি। কিন্তু শেষ পর্যন্ত তা-ই হয়েছে। ওয়ার্কার্স পার্টির (পিটি) প্রতিষ্ঠাতা লুইস ইনাসিও লুলা ডা সিলভা ২০০২ সালে দেশের প্রেসিডেন্ট হওয়ার পর দিলমা রুসেফকে ঠেকানোর কেউ ছিল না। লুলা প্রথমে রুসেফকে জ্বালানিমন্ত্রী করেন। ২০০৫ সালে তাঁকে চিফ অব স্টাফ করা হয়। ব্রাজিলের ক্যাবিনেটের শীর্ষ পদ সেটাই। লুলার তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়ানোর সুযোগ না থাকায় তিনি রুসেফের নাম সুপারিশ করেন। ২০১০ সালের নির্বাচনে জেতে রুসেফ ও তাঁর দল পিটি।
তবে লুলার সঙ্গে ঘনিষ্ঠতা তাঁর লাভের চেয়ে ক্ষতিই করেছে বেশি। সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো হেনরিক কার্দোসো ব্রাজিলের দৈনিক ও গ্লোবোতে তাঁর কলামে লিখেছেন, ‘লুলার আড়ম্বরপূর্ণ শাসনের উত্তরাধিকার একটা কঠিন বোঝারই মতো। পিটির দুর্নীতির কেলেঙ্কারি আর সস্তা জনপ্রিয়তা কাড়ার চেষ্টা এক নৈতিক সংকটের সৃষ্টি করেছে।’
দুর্নীতির অভিযোগ দিলমা রুসেফ সরকারের ভিত নড়িয়ে দিচ্ছে। ফুটবল-পাগল হলেও রাজপথে নামা বিক্ষোভকারীরা ছাড় দেয়নি বিশ্বকাপকেও। অর্থনৈতিক সূচকের লক্ষণও সুবিধার নয়। সার্বিক এই প্রেক্ষাপটের বিবেচনায় সামনের কয়েকটি মাস যে দিলমা রুসেফের জন্য খুব ভালো যাবে না, এ কথা বুঝতে রাজনৈতিক বিশ্লেষক হতে হয় না। পুনর্নির্বাচিত হওয়ার লড়াইও সহজ হবে না মোটেই।
সুমন কায়সার