দিলমার সামনে অনেক বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিবিদ হিসেবে এত দিন পরিচয় ছিল তাঁর। সেই পরিচয় ছাপিয়ে দিলমা রোসেফ এখন বিশ্বের অন্যতম উঠতি অর্থনৈতিক শক্তি ব্রাজিলের প্রেসিডেন্ট। ১ জানুয়ারি দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। রোসেফের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে দেশটির জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা ডি সিলভার মেয়াদ। আগামী চার বছর দায়িত্ব পালন করবেন দিলমা রোসেফ।ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কেমন নেতা হবেন তা নিয়ে জোর আলাপ-আলোচনা চলছে নানা মহলে। বিশ্লেষকেরা বলছেন, ৬৩ বছর বয়সী এই নারী অর্থনীতিতে দক্ষ হলেও রাজনীতিতে তাঁর পরিপক্বতা অপ্রমাণিত। সরকারপ্রধান হিসেবে তাঁকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই প্রেসিডেন্ট হিসেবে রোসেফের পথ মোটেও মসৃণ হবে না। বিশ্লেষকদের মতে, দক্ষতার সঙ্গে সরকার পরিচালনা করাই এ মুহূর্তে দিলমা রোসেফের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুরুতে রোসেফের প্রধান কাজ হবে তাঁর জোট সরকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করা। জোটভুক্ত দলগুলোর মতাদর্শগত পার্থক্যসহ অন্যান্য ভিন্নতাকে ছাপিয়ে সরকার পরিচালনায় ঐকমত্য সৃষ্টি করার মূল দায়িত্ব নিতে হবে তাঁকেই। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, পার্লামেন্টে (ব্রাজিলের ক্ষেত্রে কংগ্রেস) ৬০ শতাংশ সমর্থনপ্রাপ্তির বিষয়টি দিলমা রোসেফের জন্য যতটা সুফল বয়ে আনতে পারে, ঠিক ততটাই ক্ষতিরও কারণ হতে পারে।তবে রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে ইতিমধ্যেই কিছুটা হলেও দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন দিলমা রোসেফ। শরিক দলের নেতাদের সঙ্গে বিপজ্জনক কিছু বিষয়ে নির্বাচন-পূর্ব সমঝোতা ব্যতিরেকেই তিনি তাঁর বিজয় নিশ্চিত করেছেন। এর মাধ্যমে নিজের উপদেষ্টাদেরও চমকে দিয়েছেন রোসেফ।তবে বিশ্লেষকেরা বলছেন, রোসেফ তাঁর ‘মুরব্বি’ সাবেক প্রেসিডেন্ট লুলার ছায়া থেকে কতটা বেরিয়ে আসতে পারবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এ বিষয়টির ওপরই নির্ভর করছে নতুন প্রেসিডেন্টের নেতৃত্বের স্বাতন্ত্র্য ও দৃঢ়তা।ইতিমধ্যে দিলমা রোসেফ ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন। এই মন্ত্রিসভার অর্ধেক সদস্যই লুলা সরকারের অধীনে কাজ করেছেন। রোসেফ কম গুরুত্বপূর্ণ পদে বেশ কিছু অজনপ্রিয় ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন। আবার কিছু শ্রদ্ধাভাজন ব্যক্তিকে বসিয়েছেন গুরুত্বপূর্ণ পদে।কোনো কোনো বিশ্লেষক ধারণা করছেন, লুলার ছায়া থেকে বেরিয়ে আসতে রোসেফ মন্ত্রিসভায় ক্রমান্বয়ে কিছু রদবদল করবেন। এর মাধ্যমে নিজের নেতৃত্ব জোরদার করবেন তিনি। সবাইকে দেখাতে চাইবেন তিনি তাঁর পূর্বসূরির হাতের সুতায় বাঁধা পুতুল নন। পররাষ্ট্রনীতির দিক দিয়ে দিলমা রোসেফ ইতিমধ্যে তাঁর স্বাতন্ত্র্যের ইঙ্গিত দিয়েছেন। পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ব্রাজিলের ভোটদানে বিরত থাকাকে তিনি ‘ভুল’ অভিহিত করেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটন পোস্টকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে এ অভিমত দেন রোসেফ। রোসেফ বলেছেন, পরমাণু ইস্যুতে ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সমঝোতা, বহির্বিশ্বে ব্রাজিলের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে সচেষ্ট হবেন তিনি। সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা হরহামেশাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মন্তব্য করতেন। কিন্তু নতুন প্রেসিডেন্ট ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ ও আরও কার্যকর আলোচনা চালাতে আগ্রহ প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়োজিত ব্রাজিলের সাবেক রাষ্ট্রদূত আন্তোনিও প্যাটরিওটাকে বেছে নিয়েছেন তিনি। ওয়াশিংটন এতে খুশি। দিলমা রোসেফের এসব ভাবনা এটাই প্রমাণ করে, ভবিষ্যতে তিনি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সতর্ক, কুশলী ও বাস্তবানুগ কৌশলই নেবেন। বিজয়ী হওয়ার পর দেওয়া ভাষণে রোসেফ আরও বলেছেন, তিনি গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব দেবেন। লুলা সরকারের শেষ বছর ব্রাজিলের গণমাধ্যম সরকারি আক্রোশের শিকার হয়েছিল। মানবাধিকার রক্ষার ব্যাপারেও কোনো ধরনের ছাড় না দেওয়ার কথা বলেছেন। নিজে সত্তরের দশকে সামরিক সরকারের নির্যাতনের শিকার সাবেক বামপন্থী এই নারী। তবে বেশির ভাগ বিশ্লেষকের মতে, বিশ্বমঞ্চে লুলা ডি সিলভা স্বাভাবিকভাবেই যে ভূমিকা পালন করতে পারতেন, সেদিক দিয়ে দিলমার ঘাটতি রয়েছে। অর্থনীতিতে রাষ্ট্রের শক্তিশালী ভূমিকার পক্ষপাতী বলে পরিচিত রোসেফ। তেল খাতের সংস্কার করে নতুন আবিষ্কৃত বিশাল উপকূলীয় তেল মজুদের ওপর রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পেট্রোব্রাসের প্রায় একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করেছেন তিনি। তবে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কাজটা রোসেফের জন্য খুব সহজ হবে না। বর্তমানে ব্রাজিলের অভ্যন্তরীণ সঞ্চয় ও বিনিয়োগ ১৭ শতাংশে আটকে আছে। সে তুলনায় এই হার ভারতে ৩৫ শতাংশ এবং চীনে ৫০ শতাংশ। তা ছাড়া সরকারের ব্যয় বৃদ্ধির কারণে সরকারি বিনিয়োগ সক্ষমতাও থমকে আছে। বিশ্লেষকেরা বলছেন, এ জন্য দিলমা রোসেফের সরকারকে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পরিবেশ তৈরি করতে হবে। তাঁর আশু একটি চ্যালেঞ্জ হবে সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরা। যদিও তাঁর নিজের বা শরিক দলের কারও কাছেই বিষয়টি জনপ্রিয়তা পাবে না বলেই মনে করা হচ্ছে। এ ছাড়া রোসেফকে ব্যাংকের সুদের হার ১০ দশমিক ৭৫ শতাংশের নিচে রাখার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এসবের বাইরে মনোযোগ দিতে হবে অবকাঠামো ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে। প্রয়োজন ব্যষ্টিক অর্থনীতির সংস্কারও।সর্বোপরি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যও দিলমা রোসেফের ওপর উঠতি মধ্যবিত্ত শ্রেণীর পক্ষ থেকে চাপ থাকবে। এসব কতটা দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারবেন, তার ওপরই নির্ভর করছে দিলমা রোসেফের নেতৃত্বের ভবিষ্যৎ।