দিল্লি অনেক কাছে (প্রমাণিত)

‘দিল্লি অনেক দূর’ বলার সেই দিন আর নেই। কারণ, গুণে-মানে, দূষণে-দুর্নামে ঢাকার বাতাস হয়ে উঠেছে পৃথিবীর ‘শ্রেষ্ঠ’ বায়ুদূষণের নগরী দিল্লির বাতাসের সমকক্ষ। তবে দুম করে ‘সমকক্ষ’ বলে দিলেই তো আর হয় না, চাই কাগজে-কলমে যুক্তিতর্ক সাপেক্ষে প্রমাণ। সেটাই দিচ্ছেন শরীফ মজুমদার
সাধারণ নির্বচন: প্রমাণ করতে হবে যে দিল্লির বাতাস = ঢাকার বাতাস
যুক্তিবিদ্যাভিত্তিক প্রমাণ
দিল্লির বাতাস আছে। ঢাকারও বাতাস আছে।
দিল্লি হয় একটি রাজধানী শহর।
ঢাকা হয় একটি রাজধানী শহর।
সুতরাং, দিল্লির বাতাস = ঢাকার বাতাস। (অতি সাধারণ ধারণা তথা কমন সেন্সের আলোকে)
গাণিতিক প্রমাণ
আমরা জানি,
8 = 8
বা 5+3 = 5+ 3
বা Delhi + 3 = Dhaka + 3 (দিল্লি ও ঢাকার ইংরেজি বানানে ৫টি করে বর্ণ আছে বলে)
বা Delhi + air = Dhaka + air (বাতাসের ইংরেজি শব্দ air-এ ৩টি বর্ণ আছে বলে)
সুতরাং, দিল্লির বাতাস = ঢাকার বাতাস (দিনের আলোর মতো প্রমাণিত)
অতএব, সকল যুক্তিতর্কের আলোকে প্রমাণিত হলো ‘দিল্লির বাতাস = ঢাকার বাতাস’ কিংবা ‘দিল্লি অনেক কাছে’।