দিশায় চাকরির সুযোগ

ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা দিশায় দুটি পদে মোট ১৭৫ জন লোক নিয়োগ হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি ৯ মে প্রথম আলোর ১৫ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি দেশের ১২টি জেলার ৫৮টি উপজেলায় দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্রঋণের পাশাপাশি আলোঘর কার্যক্রম, ডেইরি অ্যান্ড লাইভ স্টক ডেভেলপমেন্ট কার্যক্রম, টেকনিক্যাল ট্রেনিং, স্বাস্থ্য ও শিক্ষা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটিতে শাখা ব্যবস্থাপক (পিও) পদে ২৫ জন এবং ক্রেডিট অফিসার পদে ১৫০ জনকে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) ফজলুল হক বলেন, ‘আমাদের এখানে শাখা ব্যবস্থাপক পদে আমরা অভিজ্ঞ লোক নিয়ে থাকি। তবে ক্রেডিট অফিসার পদে তরুণদেরই নিয়োগে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। এখানে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কর্মী নির্বাচন করা হয়।’ পদ দুটিতে আবেদন করা যাবে আগামী ৭ জুন পর্যন্ত।
আবেদনের যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুযায়ী, শাখা ব্যবস্থাপক পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক অথবা যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীকে পিকেএসএফের সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর। অন্যদিকে ক্রেডিট অফিসার পদে তিনটি গ্রেডে লোক নিয়োগ করা হবে। ক্রেডিট অফিসার (গ্রেড-১) পদের প্রার্থীদের যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। ক্রেডিট অফিসার (গ্রেড-২) পদের প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে স্নাতক পাস হতে হবে। আর ক্রেডিট অফিসার (গ্রেড-৩) প্রার্থীরা সব পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। এ পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২০ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। ক্রেডিট অফিসার পদের প্রার্থীদের অবশ্যই বাইসাইকেল চালানো জানতে হবে।
আবেদনের ঠিকানা: এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদের কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবিযুক্ত (মোবাইল নম্বরসহ) স্বহস্তে লিখিত দরখাস্ত প্রধান নির্বাহী, দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে ১১, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে বা [email protected] পাঠাতে হবে।
সুযোগ-সুবিধা: চূড়ান্তভাবে নির্বাচিত একজন শাখা ব্যবস্থাপক সাকল্যে ১৯ হাজার টাকা থেকে ২১ হাজার টাকা বেতন পাবেন। আর একজন ক্রেডিট অফিসার (গ্রেড-১) শিক্ষানবিশকাল শেষে নিয়মিত স্কেলে সাকল্যে ১৩ হাজার ৬০০ টাকা, ক্রেডিট অফিসার (গ্রেড-২) ১৩ হাজার টাকা এবং ক্রেডিট অফিসার (গ্রেড-৩) ১২ হাজার ৫০০ টাকা বেতন পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে চাকরিতে যোগদানের সময় ১০ হাজার টাকা এবং ক্রেডিট অফিসারদের ৭ হাজার ৫০০ টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী স্বল্পমূল্যে বাসস্থান, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, পিএফ, বিমা, চিকিৎসা সহায়তা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।