দিশেহারা টেকনাফের চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ২০০ হেক্টর জমির পানের বরজে পাতা পচা রোগ ও ছত্রাক রোগে মড়ক দেখা দিয়েছে। কৃষি বিভাগের দাবি মাত্রাতিরিক্ত জৈব সার প্রয়োগ ও কুয়াশার প্রভাবে খেতে ছত্রাকের আক্রমণ হয়েছে। হঠাৎ করে এ রোগের প্রাদুর্ভাবে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানায়, ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি হঠাৎ করে পানে স্যালমোনেলা ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ায় কথা বলে ইউরোপে গত দুই বছর ধরে পান আমদানির নিষেধাজ্ঞা আরোপ করায় হাটবাজারে পানের দাম পড়ে গিয়েছিল। কিন্তু দেশে পানের চাহিদা বাড়ায় বর্তমানে স্থানীয় হাটবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। তবে রোগের আক্রমণের কারণে পান চাষে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম বলেন, ইউরোপে পান রপ্তানি বন্ধ থাকায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে প্রায় ১০০ হেক্টর জমিতে পান চাষ কম হয়েছে। তার ওপর ওই বছর পানে ন্যায্য মূল্য না পাওয়ায় অনেকে চলতি মৌসুমে পান চাষ বন্ধ রেখেছেন। কিন্তু দেশে পানে চাহিদা বেশি হওয়ায় মৌসুমের শুরুতে চাষিরা বাড়তি দাম পাচ্ছেন।
কৃষি অফিস সূত্রে জানায়, উপজেলায় ছয়টি ইউনিয়নের তিন হাজার ৩২৫ জন চাষি ৫৫০ হেক্টর জমিতে এবার পান চাষ করেছেন। বর্তমানে ৩৫০ হেক্টর জমির বরজ রোগমুক্ত থাকলেও আক্রান্ত হয়েছে বাকিগুলো। এর মধ্যে বেশি আক্রান্ত হয়েছে সাবরাং, বাহারছড়া, টেকনাফ সদর ও বাহারছড়া ইউনিয়নের পানের বরজগুলো।
উপজেলার বিভিন্ন গ্রামের পান বরজ ঘুরে দেখা যায়, অধিকাংশ বরজের পাতা ছোপ ছোপ কালো ও হলুদ দাগে পরিপূর্ণ। আক্রান্ত বরজ থেকে পানপাতা ছিঁড়ে পাশে স্তূপ করে রেখেছেন চাষিরা।
ক্ষতিগ্রস্ত চাষিরা অভিযোগ করেন, এ রোগ থেকে প্রতিকার চেয়ে তাঁরা স্থানীয় কৃষি কর্মকর্তার কাছে ধরনা দিলেও তিনি তাঁদের কথায় গুরুত্ব দেননি প্রথম দিকে। পরে মড়ক দেখা দেওয়ায় কীটনাশক দেওয়া পরামর্শ দেন। কিন্তু তখন রোগ ছড়িয়ে পড়েছে।
টেকনাফ সদরের পল্লানপাড়ার গ্রামের চাষি আলী আহমদ বলেন, ‘চলতি মৌসুমে জমি বর্গা নিয়ে দুটি পানের বরজ করেছি। কিন্তু রোগের কারণে লোকসান গুনতে হচ্ছে। গত বছর দুটি বরজ থেকে প্রায় ১৩ লাখ টাকার আয় হয়েছিল। কিন্তু চলতি মৌসুমে এ পর্যন্ত ৩০ হাজার টাকা পেয়েছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন চাষির সঙ্গে আলাপ হয়েছে। এরপর অধিকাংশ এলাকায় সরেজমিনে ঘুরে দেখেছি। সব মিলিয়ে মনে হয়েছে, মাত্রাতিরিক্ত জৈব সার (খৈল) প্রয়োগ ও ঘনকুয়াশার ফলে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে পান পাতা শুকিয়ে যাচ্ছে। আক্রান্ত পাতাগুলো বরজ থেকে সরিয়ে পুড়িয়ে ফেলতে হবে।’