দীঘিনালা বিএনপিতে ভাঙন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিএনপিতে ভাঙন দেখা দিয়েছে। ঝিমিয়ে পড়েছে দলীয় কার্যক্রম। ইতিমধ্যে প্রায় ৯০০ নেতা-কর্মী যোগ দিয়েছেন আওয়ামী লীগে। কিছু নেতা-কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। আবার অনেকে সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ ছেড়ে যোগ দিয়েছেন সাবেক স্থানীয় সরকার পরিষদ চেয়ারম্যান সমীরণ দেওয়ানের পক্ষে।
নেতা-কর্মীরা জানান, খাগড়াছড়ির আট উপজেলার মধ্যে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত ছিল দীঘিনালা উপজেলা। একসময় খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার শক্ত ঘাঁটি ছিল এই এলাকা। সেখানেই বিএনপির এখন ত্রাহি অবস্থা। অভ্যন্তরীণ কোন্দলের কারণে ৩ মে জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচিও পালিত হয়নি।
দলীয় সূত্র জানায়, মূলত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের মতামত উপেক্ষা করে দলীয় মনোনয়ন না দেওয়া ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার করায় ব্যাপক প্রতিক্রিয়া হয়। তা ছাড়া উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এ নিয়ে বিরোধ দেখা দেয়। ফলে নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েন।
বিএনপি থেকে আওয়ামী লীগে: ২০ মে মধ্য বেতছড়ির দেড় শতাধিক, ২৫ মে মেরুং বাজার মাঠে শতাধিক ও ৩১ মে উপজেলার কবাখালী ইউনিয়ন পরিষদ মাঠে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা হাতে ফুল দিয়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের ছয় শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
আওয়ামী লীগে যোগদানকারী উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ এজাহার মেম্বার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এন্তাজ আলী, কবাখালী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আমীর হোসেন ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘একটি পরিবার ও গুটি কয়েক নেতার হাতে বিএনপি জিম্মি।
উপজেলা বিএনপিতে একনায়কতন্ত্র চলছে। নেতা-কর্মীদের মূল্যায়ন হয় না। তাই একনায়কতন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগে যোগ দিয়েছি।’
ওয়াদুদ ছেড়ে সমীরণ পক্ষে: উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইসলাম ও উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মিলন ফরাজীর নেতৃত্বে ৪ জুন শতাধিক নেতা-কর্মী কেন্দ্রীয় বিএনপির সদস্য ও খাগড়াছড়ি স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ানের সঙ্গে দেখা করে তাঁর আনুগত্য প্রকাশ করেন।
মো. ইসলাম ও মিলন ফরাজী বলেন, ওয়াদুদ ভূঁইয়া দলের ত্যাগী নেতা, তাঁর বড় ভাই জেলা বিএনপির সহসভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, সহসভাপতি মনীন্দ্র লাল ত্রিপুরা, সহসভাপতি আমিন শরীফ, মানিকছড়ি উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলামকে বহিষ্কার করেছেন। এরপর তাঁর পক্ষে থাকা কোনোভাবেই সম্ভব নয়।
বিএনপির একাধিক নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীঘিনালা ছিল ওয়াদুদ ভূঁইয়ার শক্ত ঘাঁটি। কিন্তু সেই বিএনপি তিন ভাগে বিভক্ত। জেলার মধ্যে দলের সব কর্মসূচি সফলভাবে পালিত হতো দীঘিনালায়। যার প্রমাণ আগের হরতাল-অবরোধ কর্মসূচি।
উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন বলেন, যাঁরা বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাঁরা সমীরণ পক্ষের লোক। আর যাঁরা সমীরণ পক্ষে যোগ দিয়েছেন, তাঁরা দলের মধ্যে নিষ্ক্রিয়। তাঁদের যাওয়া-আসায় দলের মধ্যে কোনো প্রভাব পড়বে না। তিনি দাবি করেন দীঘিনালায় ওয়াদুদ পক্ষের শক্ত অবস্থান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সমীরণ পক্ষের নেতা জেলা যুবদলের সহসভাপতি শামছুল হক বলেন, সমীরণ পক্ষের কোনো নেতা-কর্মী আওয়ামী লীগে যাননি। যাঁরা গিয়েছেন সবাই ওয়াদুদ পক্ষের। আর সমীরণ পক্ষে যাঁরাই এসেছেন তাঁরা সবাই ওয়াদুদ পক্ষের নেতা-কর্মী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম বলেন, ‘আমাদের দলে যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা সবাই বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মী। তাঁরা বর্তমান সরকারের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলার প্রতি উদ্বুব্ধ হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।’