দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ চিকিৎসকের আট জনই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) লিটন মল্লিক চার বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ আবু সাঈদ দুই বছর আট মাস অনুপস্থিত থাকার পর পুনরায় যোগদান করেন এবং তিন দিনের মধ্যে আবার বদলি হয়ে যান। দুই চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত থাকার ব্যাপারে কারণ জানতে চেয়ে কয়েক দফা বিজ্ঞপ্তি দেওয়া হলেও তাঁরা জবাব দেননি। প্রায় তিন বছর অনুপস্থিত থাকার পর পুনরায় কর্মস্থলে যোগদান কীভাবে সম্ভব হলো এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিভিল সার্জন।জানা যায়, বর্তমানে কর্মরত দুই চিকিৎসকের মধ্যে একজনকে প্রায় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়। অন্যজন চিকিৎসা সহকারীদের সহযোগিতা নিয়ে চিকিৎসাসেবা দেন।এদিকে হাসপাতালে চিকিৎসকের পদ আছে ১২টি। অনুপস্থিত দুইজন ছাড়া কর্মরত আছেন মাত্র দুইজন। দীর্ঘদিন ধরে আটটি পদ শূন্য। ফলে ভেঙে পড়েছে চিকিৎসা কার্যক্রম। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯২৪ সালে তৈরি পাটখড়ির ঘরেই চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। এটি ১০ শয্যা থেকে ৩১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত ২৮ বছরেও বাস্তবায়িত হয়নি। দীঘিনালা উপজেলার দুই লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা স্বাস্থ্য কমপ্লেক্সটি। পাশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলার কয়েকটি এলাকার মানুষও এখানে আসেন চিকিৎসার জন্য। হাসপাতালে জেনারেটর নেই। মাসে ১৫ লিটার কেরোসিন বরাদ্দ দেওয়া হয়। কেরোসিন ফুরিয়ে গেলে মোমবাতি জ্বালিয়ে চলে চিকিৎসা কার্যক্রম। ২০০৪ সালে খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে একটি এক্স-রে যন্ত্র দেওয়া হলেও তা চালু হয়নি।স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বুদ্ধপাড়ার বিজন ত্রিপুরা (৪০) জানান, ‘ডাক্তার নেই, সহকারী ব্যবস্থাপত্র দিয়েছেন। ওষুধ দেননি, তাই বাজার থেকে কিনেছি।’বেতছড়ির খুরশিদা বেগম (৫০) ব্যবস্থাপত্র হাতে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হওয়ার সময় বললেন, ‘একজন মাত্র ডাক্তার, রোগী অনেক, কতজনকে চিকিৎসা দেবেন তিনি?’আব্দুস ছাত্তার (৭০) বলেন, ‘দূর থেকে এসেছি, চিকিৎসকের দেখা পেয়েছি—এটাই সৌভাগ্য। ছোটকাল থেকে যে অবস্থা দেখেছি এখনো সে রকমই আছে হাসপাতাল।’অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ আবু সাঈদ ২০০৬ সালের ৩০ এপ্রিল আবাসিক চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগ দেন। ওই দিনই তিনি কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মস্থল থেকে চলে যান। ২০০৯ সালের ২৯ জানুয়ারি আবারও আবাসিক চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগ দেন। পুনরায় যোগ দেওয়ার তিন দিনের মধ্যে ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. রেজাউল করিম চৌধুরীর সই করা তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) আদেশে বি-বাড়িয়া সদর হাসপাতালে চলে যান তিনি। চিকিৎসা কর্মকর্তা লিটন মল্লিক যোগ দেন ২০০৬ সালের ৩০ এপ্রিল। তিনিও কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মস্থল ত্যাগ করেন। দীর্ঘ চার বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী নরেশ্বর চাকমা জানান, ‘দুই চিকিৎসক দীর্ঘ সময় কর্মস্থলে না থাকার কারণ জানতে চেয়ে কয়েকবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা জবাব দেননি। তাঁরা দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেতন-ভাতাও তোলেননি।’মোহাম্মদ আবু সাঈদ ও লিটন মল্লিকের সঙ্গে কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘সরকারি চাকরি বিধিমালায় তিন বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার পর পুনরায় যোগদান করার নিয়ম আছে বলে আমার জানা নেই। একজন সরকারি কর্মচারী তিন বছর কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা।’ খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আলী আশরাফ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। তিন বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার পর পুনরায় যোগদান কীভাবে সম্ভব হলো তা আমি নথিপত্র না দেখে বলতে পারছি না। স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিচালক বদলির আদেশ দিয়েছিলেন তিনিও বর্তমানে চাকরি থেকে অবসর নিয়েছেন।’