দীঘিনালায় কমলা চাষিদের দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোগাক্রান্ত হয়ে মরে যাওয়া কমলাগাছ দেখাচ্ছেন খাগড়াছড়ির দীঘিনালার বসু ফ্রুটস ভ্যালির ব্যবস্থাপক আলী আহাম্মদ l প্রথম আলো
রোগাক্রান্ত হয়ে মরে যাওয়া কমলাগাছ দেখাচ্ছেন খাগড়াছড়ির দীঘিনালার বসু ফ্রুটস ভ্যালির ব্যবস্থাপক আলী আহাম্মদ l প্রথম আলো

দীঘিনালা উপজেলায় এবার কমলার ফলন ভালো হয়নি। গত বছর রোগে আক্রান্ত হয়ে এখানকার গাছগুলোর পাতা লাল ও ফাঙ্গাস আক্রান্ত হয়েছে। অনেক গাছ মরে গেছে। তারই প্রভাব পড়েছে ফলনে। সেপ্টেম্বর–অক্টোবরের এই সময়ে কমলায় সয়লাব হয়ে যায় এ উপজেলা। অথচ এই মৌসুমে কমলার দেখা নেই। উপজেলার বাবুছড়া ইউনিয়নেই মূলত বেশি কমলা হয়। এখানকার তিন শ একর ভূমিতে তিন শতাধিক চাষি কমলার চাষ করেন। তাঁদের সবার আর্থিক ক্ষতি হয়েছে। 
উপজেলার অনাথ আশ্রম এলাকার বসু ফ্রুটস ভ্যালির স্বত্বাধিকারী তুষার কান্তি বসু জানান, গত বছর ডাইবেক রোগে আক্রান্ত হয়েছে গাছগুলো। এ বছর বাগানের চার শ গাছের মধ্যে দুই শ গাছ মরে গেছে। চিকিৎসা দিয়ে কোনো লাভ হয়নি। বাকি দুই শ গাছে কোনো ফলন আসেনি। কিছু কিছু গাছ থেকে পরিপক্ব হওয়ার আগে কমলা ঝরে গেছে। গত বছর কমলা বিক্রি হয়েছে মাত্র ৩০ হাজার টাকার। অথচ এর আগের বছর কমলা বিক্রি করে পাওয়া গিয়েছিল এক লাখ টাকা।
উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কমলাচাষি পরিতোষ চাকমা জানান, তাঁর বাগানের এক হাজার গাছ মরে গেছে। গতবার কমলা বিক্রি করে পেয়েছেন মাত্র ৪০ হাজার টাকা। এর আগের বছর পেয়েছিলেন আড়াই লাখ টাকা। এ বছর নিজে খাওয়ার মতো সামান্য ফলন এসেছে। বাবুছড়ার সব বাগানের একই দশা। নুনছড়ি এলাকার ৪৫ পরিবারের প্রায় দুই হাজার কমলাগাছ মরে যাচ্ছে। কোনো গাছে ফলন হয়নি। বাবুছড়ার কমলাচাষি রুকচন্দ্র মহাজন, কার্বারীপাড়ার জ্ঞানমুনি চাকমা, মায়াদেবী চাকমা, সবিনয় চাকমা জানান, তাঁরা এ বছর কমলা বিক্রি করে আয় করতে পারেননি।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা বলেন, বাবুছড়া ইউনিয়নে তিন শতাধিক পরিবারের তিন শ একর কমলাবাগান রয়েছে। প্রতিবছর একজন বড় বাগানের মালিক এক থেকে দেড় লাখ টাকার কমলা বিক্রি করেন। গত বছর তা অর্ধেকে নেমে আসে। এ বছর কোনো গাছেই কমলা ধরেনি। তিন শ পরিবারের অধিকাংশ বাগানের গাছই মরে গেছে।
উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা জানান, প্রতিবছর এ মৌসুমে বাজারে প্রচুর পরিমাণ কমলা বাজারে আসত। এ বছর বাজারে কমলা চোখেও পড়েনি।
খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রব বলেন, কমলাগাছে ফাঙ্গাসের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করে পরিচর্যা করতে হয়। ফাঙ্গাস যখন গাছে পুরোপুরি চলে আসে তখন আর গাছটি বাঁচানো সম্ভব হয় না।