দীঘিনালায় গুটি ইউরিয়া ব্যবহারে ফলনদ্বিগুণ
খাগড়াছড়ির দীঘিনালায় প্রথমবারের মতো বোরো ধানের জমিতে গুটি ইউরিয়া সার ব্যবহার করে দ্বিগুণ ফলন পেয়েছেন কৃষকেরা। ধানের ছড়াও আকারে অনেক বড় হয়েছে। কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ একর জমিতে গুটি ইউরিয়া সার প্রয়োগ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘উপজেলার বোয়ালখালী, ছোট মেরুং, বাবুছড়া, কবাখালী ও পাবলাখালী কৃষি ব্লকের ৬ একর জমিতে পরীক্ষামূলকভাবে গুটি ইউরিয়া প্রয়োগ করা হয়। এতে বোরো ধানের ফলন ভালো হয়েছে। গুটি ইউরিয়া মাটিতে পুঁতে দিতে হয় বলে সার কম প্রয়োজন হয়। এ ছাড়া জমিতে নাইট্রোজেন সমানভাবে ছড়ায়।
একটি ইউরিয়ার গুটি ৩৬ বর্গ মিটার পর্যন্ত নাইট্রোজেন ছড়ায়। অপর দিকে সাধারণ ইউরিয়া সার এভাবে নাইট্রোজেন ছড়ায় না। এবার ফলন ভালো হওয়ায় আশা করছি আগামী বছর থেকে অনেক কৃষক গুটি ইউরিয়া ব্যবহার করবেন।’
সংশ্লিষ্ট কৃষকেরা জানান, গুটি ইউরিয়া ব্যবহারে ফলন ভালো হয় এবং খরচও কমে। ধানের ছড়া পুষ্ট হয় দ্রুত। উপজেলার বাবুছড়া গ্রামের জয়ন্ত চাকমা গুটি ইউরিয়া সার ব্যবহার করেছেন। তিনি বলেন, ‘এ বছর কৃষি বিভাগের সহায়তায় এক একর জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ করেছি। দুই একর জমিতে ব্যবহার করেছি সাধারণ ইউরিয়া সার।
ধান পাকার পর দেখা গেছে গুটি ইউরিয়া ব্যবহার করা জমির ২০ বর্গ মিটারে ধান হয়েছে ১৫ কেজি। অপর দিকে সাধারণ ইউরিয়া প্রয়োগ করা একই পরিমাণ জমিতে ধান পেয়েছি আট কেজি।’
বোয়ালখালী কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন চাকমা জানান, প্রাথমিক পর্যায়ে বোয়ালখালী কৃষি ব্লকে তিনজন কৃষক তিন একর জমিতে পরীক্ষামূলকভাবে গুটি ইউরিয়া ব্যবহার করেছেন। এঁদের সবারই ফলন অন্য কৃষকদের চেয়ে ভালো হয়েছে।