দীঘিনালায় ড্রাগন ফল চাষে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ড্রাগন ফল চাষে সাফল্য এসেছে। ২০১৪ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দীঘিনালার অনাথ আশ্রম এলাকায় বসু ফ্রুটস ভ্যালিতে পরীক্ষামূলকভাবে ৮০টি ড্রাগন চারা রোপণ করে। চলতি বছর ২০টি গাছে ড্রাগন ফল ধরেছে।

গোলাপি রঙের ড্রাগন ফল ক্যাকটাস–জাতীয় লতানো গাছে ধরে। খাঁজ কাটা এই ফলের অদ্ভুত চেহারার জন্যই এমন নামকরণ। বিদেশি এই ফল প্রচুর ভিটামিন ও খনিজ লবণসমৃদ্ধ।

সম্প্রতি দীঘিনালার বসু ফ্রুটস ভ্যালিতে গিয়ে দেখা যায়, একটি পাহাড়ে পাঁচ ফুট উচ্চতার খুঁটি পেঁচিয়ে উঠেছে ড্রাগন ফলের গাছ। গাছে ঝুলছে কাঁচা-পাকা ফল। বসু ফ্রুটস ভ্যালির মালিক তুষার কান্তি বসু জানান, ২০১৪ সালের আগস্ট মাসে খাগড়াছড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ৮০টি ড্রাগন ফলের চারা লাগান তাঁরা। চলতি বছর ২০টি গাছে ফল এসেছে। প্রতিটি গাছে পাঁচ থেকে ছয়টি ফল এসেছে। তিনি জানান, একটি গাছ পরিপক্ব হতে তিন থেকে চার বছর সময় লাগে। পরিপক্ব গাছে ২৫ থেকে ৩০টি ড্রাগন ফল ধরে। প্রতি কেজি ফলের বর্তমান বাজার মূল্য ৪০০ টাকা। পরীক্ষামূলক চাষে সাফল্য আসায় তিনি ড্রাগন ফলের চাষ আরও বাড়াবেন বলে জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ড্রাগন ফলের গাছ চিরসবুজ ক্যাকটাস। ফুল লম্বাটে সাদা এবং অনেকটা নাইট কুইনের মতো দেখতে।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রকি দাশগুপ্ত জানান, ড্রাগন ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রচুর ভিটামিন ও খনিজ লবণযুক্ত এই ফল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এ ছাড়া এ ফল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. শাহিনুর ইসলাম বলেন, ড্রাগন বিদেশি ফল। দীঘিনালায় এই ফলের চাষে সাফল্য আসা চাষিদের জন্য সুখবর। এখানে বাণিজ্যিকভাবেও এই ফল চাষ করা যেতে পারে।