দীঘিনালায় তিন হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় সেচ সুবিধা না থাকায় প্রতিবছর ৩ হাজার ২৭ হেক্টর জমিতে বোরো চাষ হয় না। উপজেলার ২২টি কৃষি ব্লকে ধান চাষের যোগ্য জমি আছে ৪ হাজার ৭২৭ হেক্টর। অথচ সেচের অভাবে বোরো মৌসুমে মাত্র ১ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়।
কৃষি বিভাগের কাছ থেকে পাওয়া তথ্যমতে, সেচ সুবিধার জন্য উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়ার ওপর নির্মিত সাতটি স্লুইস গেটের মধ্যে ছয়টি অকেজো হয়ে পড়ে আছে। এ ছাড়া জমিতে সেচের পানি সরবরাহের জন্য নালার ব্যবস্থাও নেই। এর ফলে শুষ্ক মৌসুমে প্রতিবছরই বেশির ভাগ ধানি জমি অনাবাদি থেকে যাচ্ছে।
দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা বলেন, ২০১৬ সালে ১ হাজার ৭০৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। চাল উৎপাদন হয়েছিল ৭ হাজার ৩১৬ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৭৬ মেট্রিক টন বেশি। আমন মৌসুমের মতো বোরো মৌসুমেও সব জমিতে চাষ হলে ২০ হাজার ২৮৩ মেট্রিকটন চাল উৎপাদন সম্ভব হতো। কিন্তু ২২টি কৃষি ব্লকের সব কটিতেই সেচ সমস্যা রয়েছে। সেচ সুবিধা না থাকায় ৩ হাজার ২৭ হেক্টর জমিতে চাষ করা সম্ভব হয় না।
উপজেলার ছয়টি বড় কৃষি ব্লকের ৫২৫ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। এর মধ্যে বোয়ালখালীর ৩১৩ হেক্টর ধানি জমির মধ্যে ৮৫ হেক্টরে, দীঘিনালার ২৮৮ হেক্টরের মধ্যে ৯৫ হেক্টরে, তারাবনীয়ার ২৫৩ হেক্টরের মধ্যে ৮৫ হেক্টরে, উদাল বাগানের ৩১৮ হেক্টরের মধ্যে ১০০ হেক্টরে, পাবলাখালীর ২৬৩ হেক্টরের মধ্যে ৮০ হেক্টরে ও বাবুছড়ার ২৮৫ হেক্টরের মধ্যে ৮০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। বাকি ১৬টি ব্লকে ১ হাজার ১৭৫ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে।
সেচ সংকটের কারণে অনেক কৃষক জমির পাশে কূপ খনন করে সেচ দিচ্ছেন। সম্প্রতি পশ্চিম কাঁঠালতলীর শীলপাড়া এলাকায় গিয়ে এক কৃষককে এভাবে সেচ দিতে দেখা যায়। অঞ্জন চৌধুরী নামের ওই কৃষক বলেন, এ বছর ২ একর জমিতে তিনি বোরো চাষ করেছেন। জমিতে সেচ সুবিধা না থাকায় জমির পাশে গর্ত খনন করে সেখান থেকে পানি দিতে বাধ্য হচ্ছে।
পাবলাখালী ও দীঘিনালা কৃষি ব্লকে গিয়ে দেখা যায়, বোরো মৌসুমে চাষাবাদের জন্য কৃষকেরা অস্থায়ীভাবে বাঁধ তৈরি করে কিছু জমিতে সেচ দিচ্ছেন। কথা হয় তাঁদের একজন কান্তি চাকমার সঙ্গে। তিনি বলেন, ‘শুধু সেচ সুবিধা না থাকায় আমাদের বিলের বিশাল পরিমাণ জমি অনাবাদি থেকে যায়। আমরা এলাকাবাসী মিলে পাবলাখালী ছড়ায় সাময়িক একটি বাঁধ দিয়ে কিছুসংখ্যক জমিতে বোরো চাষ করি।’
দীঘিনালা কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সমর বিজয় চাকমা, পাবলাখালী কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা গীতা বিশ্বাস, বাবুছড়া কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা অতুল চাকমা, তারাবনীয়া কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপ্না রাণী ভট্টাচার্যসহ কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা জানান, প্রতিবছর বোরো মৌসুমে জমিতে সেচ নালা ও সেচের ব্যবস্থা না থাকার কারণেই বিশাল পরিমাণ জমি অনাবাদি থাকে।
কৃষি ব্লকগুলোর সামান্য পরিমাণ জমিতে বোরো চাষ করা যায়। অধিকাংশ জমি অনাবাদি থেকে যায়।