দীঘিনালায় নারী ও কিশোরীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়ির দীঘিনালায় নারী ও কিশোরীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সূর্যের হাসি ৮ মার্চ এই স্বাস্থ্যসেবার আয়োজন করে। এ উপলক্ষে উপজেলার বাবুপাড়ায় আলোচনা সভার আয়োজন করা হয়।
নারী স্বাস্থ্যবিষয়ক পরামর্শক কমিটির সভাপতি ও বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, স্বাস্থ্য কর্মকর্তা নিউটন চাকমা, দীঘিনালা ইউপির চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউপির চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা, কবাখালী ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও সূর্যের হাসি ক্লিনিকের প্রকল্প পরিচালক শেখ নজরুল ইসলাম। সূর্যের হাসি ক্লিনিকের নারী স্বাস্থ্যসেবার কার্যপরিধি তুলে ধরেন উপজেলা ক্লিনিক ব্যবস্থাপক তরুণ কান্তি চাকমা।
দিনব্যাপী স্বাস্থ্যসেবায় দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ এবং চিকিৎসাসেবা দেওয়া হয়।