দীঘিনালায় ম্যালেরিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় হঠাৎ ম্যালেরিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। উপজেলার ১০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে গত দুই মাসে অন্তত দুই শ লোক চিকিৎসা নিয়েছেন।
বৃষ্টিপাতের ফলে মশার উপদ্রব বেড়ে যাওয়ার কারণে ম্যালেরিয়া বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসা কর্মকর্তারা। এ ছাড়া উপজেলার সর্বত্র দেখা দিয়েছে ভাইরাস জ্বরের প্রকোপ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, দুর্গম এলাকার মানুষ বেশি ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে। চলতি জুলাই মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগে ভর্তি হয়েছেন সাতজন, জরুরি বিভাগে ছয়জন এবং বহির্বিভাগে ১০ জন চিকিৎসা নিয়েছেন। গত জুন মাসে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পরীক্ষায় ১৪৬ জনের দেহে ম্যালেরিয়া ধরা পড়েছে। প্লাসমোডিয়াম ফেলসিপেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগে ভর্তি হয়েছেন ১৫ জন। বহির্বিভাগ ও জরুরি বিভাগ থেকে ৪৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
ম্যালেরিয়ার পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রোগের প্রকোপ। চিকিৎসকদের মতে, আবহাওয়া পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রোগ দেখা দিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান থেকে জানা যায়, জুন মাসে জরুরি বিভাগ থেকে ৪০ জন ও বহির্বিভাগ থেকে ৫২০ জন রোগী ভাইরাস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া শিশুদের মধ্যে দেখা দিয়েছে সর্দি-কাশির প্রকোপ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রকি দাশগুপ্ত বলেন, হঠাৎ করে ম্যালেরিয়া বেড়ে গেছে। বৃষ্টি হওয়ায় মশার উপদ্রব বেড়েছে। আর যেসব রোগী আসছেন তাঁদের সঙ্গে কথা বলে জেনেছি তাঁরা সবাই জুমে কাজ করেন। বা বেশির ভাগ কাজকর্মে জঙ্গলে যান। আমরা ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছি।