দীঘিনালায় রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা
খাগড়াছড়ির দীঘিনালায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, সাবেক নারী ভাইস চেয়ারম্যান শতরুপা চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, চাকমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দমোহন চাকমা, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মাঈন উদ্দিন ভূঁইয়া, নারী নেত্রী সীমা দেওয়ান, নির্বাচিত জয়িতা আলোমতি চাকমা প্রমুখ। বেগম রোকেয়া দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অনুকা খীসা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীরা এখানো ঘরেই নির্যাতনের শিকার হচ্ছে। মজুরির ক্ষেত্রেও নারীরা বৈষম্যের শিকার হয়। জয়িতা হিসেবে পুরস্কার পাওয়া আলোমতি চাকমা বলেন, ‘আমি যখন চার মাসের সন্তানসম্ভবা তখন আমার স্বামী আমাকে ফেলে চলে যান। আজ আমার সন্তানের বয়স আট বছর। আমি নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা নিয়ে ব্যবসা শুরু করেছি। আমি এখন খাবার হোটেল দিয়ে আমার বাবা মায়ের সংসার চালাচ্ছি।’
আলোচনা সভা শেষে অর্থনৈতিক পর্যায়ে আলোমতি চাকমা, নির্যাতিত হয়ে ঘুরে দাঁড়ানো নারী রিতা চাকমা ও সফল জননী হিরণমালা চাকমাকে জয়িতা হিসেবে সম্মাননা দিয়ে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।