দীঘিনালায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
খাগড়াছড়ির দীঘিনালায় স্কুলপড়ুয়া শিশুদের নিয়ে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১২ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক রিসোর্স কেন্দ্রে আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি ও দীঘিনালা গণপাঠাগার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা গণপাঠাগারের সভাপতি পরান্টুশ চাকমা। বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, রিড প্রকল্পের সমন্বয়ক দয়ানন্দ ত্রিপুরা, দীঘিনালা গণপাঠাগারের সাধারণ সম্পাদক রাজীব চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, বিজ্ঞান শিক্ষার পাশাপাশি চারুকলা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ছোটদের মেধা বিকাশের জন্য এ ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার কোনো বিকল্প নেই।
প্রতিযোগিতায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইনী কিন্ডারগার্টেন স্কুল ও শিশু বিকাশ নিকেতনের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। —