দীঘিনালায় শিশুদের বই পড়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীঘিনালায় জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে বই পড়া উৎসবে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা l প্রথম আলো
দীঘিনালায় জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে বই পড়া উৎসবে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা l প্রথম আলো

শিশুদের বই পড়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। আর সেটা সম্ভব হবে অভিভাবক ও শিক্ষকের সদিচ্ছার ওপর। বই পড়ার অভ্যাস গড়ে উঠলে শিশুদের জ্ঞানের পরিধি বাড়বে, যা তার সুন্দর ভবিষ্যৎ গড়ার কাজে লাগবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি খাগড়াছড়ির দীঘিনালায় আয়োজিত শিশুদের বই পড়া উৎসবে বক্তারা এসব কথা বলেন। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে জাবারাং কল্যাণ সমিতি এ উৎসবের আয়োজন করে। উৎসবে উপজেলার ৪৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেয়। ১০টি স্টলের মাধ্যমে শিক্ষার বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।
উৎসবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিড প্রকল্পের জ্যেষ্ঠ কারিগরি কর্মকর্তা অরুণ জ্যোতি চাকমা। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কামনা ত্রিপুরা, রিড প্রকল্পের কারিগরি কর্মকর্তা পল ত্রিপুরা প্রমুখ।
আলোচনা সভা শেষে বই পড়া উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।