দীঘিনালায় শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ
খাগড়াছড়ির দীঘিনালায় শিশুদের মধ্যে ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ মাসের ১ তারিখ থেকে গতকাল শনিবার পর্যন্ত ১০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জন ডায়রিয়া রোগে আক্রান্ত অন্তর্বিভাগে ভর্তি হয়েছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসাসেবা নিয়েছে ২৫ জন। বহির্বিভাগ থেকে নিয়েছে ১৬০ জন। চিকিৎসকেরা জানান, ঋতু পরিবর্তন, অপরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানি পান না করার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগে ভর্তি হওয়ায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা অধিকাংশই দুর্গম এলাকার।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা দীপঙ্কর ধর, অন্তর্বিভাগের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সেবিকা শর্মিলী দাশ ও বহির্বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. রাশেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের শুরু থেকেই এই অবস্থা। ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৪৭টি শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগে ভর্তি থেকে চিকিৎসাসেবা নিয়েছে। জরুরি বিভাগ থেকে ৪৫টি শিশু ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে। বহির্বিভাগ থেকে সাড়ে তিন শ শিশু ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে।
গত বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অন্তর্বিভাগের ডায়রিয়া ওয়ার্ডে ১০টি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। শয্যাসংকট থাকায় দুজনকে মেঝেতে রাখা হয়েছে। চারটি শিশু সুস্থ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া শিশুদের অভিভাবক (মা) হাজেরা খাতুন, খমিতা ত্রিপুরা, মা ভলংতি ত্রিপুরা, নীলা ত্রিপুরা, নিকা ত্রিপুরা, রেশমি চাকমা জানান, তাঁদের গ্রামে নলকূপ নেই। তাঁরা কুয়ার পানি পান করেন। কুয়ার পানি পান করার পর পাতলা পায়খানা শুরু হয়। তাই চিকিৎসার জন্য সন্তানদের সোমবার (৬ ফেব্রুয়ারি) হাসপাতালে এনে ভর্তি করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (এমও) কাজী মো. রুবায়েত আনোয়ার বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। গত ননননমাস থেকে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এ ছাড়াও শিশু ও অভিভাবকদের অপরিচ্ছন্নতা থাকা ও কুয়ার পানি পান করার কারণেও ডায়রিয়া হতে পারে। শিশুদের ডায়রিয়া থেকে রক্ষা করতে হলে অবশ্যই মায়েদের সচেতন হতে হবে।