দীঘিনালায় শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় শিশুদের মধ্যে নিউমোনিয়া রোগের প্রকোপ বাড়ছে। গত ২২ দিনে (১ থেকে ২২ আগস্ট) ১০ শয্যার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিউমোনিয়ায় আক্রান্ত ৫৯ জন শিশু অন্তর্বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে ছয় শতাধিক শিশু। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।
গত সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করে দেখা যায়, হাসপাতালে আসা ১২৫ জন রোগীর মধ্যে ৪১ জনই ছিল নিউমোনিয়ায় আক্রান্ত শিশু। এর মধ্যে তিনজনকে ভর্তি করা হয়। এ ছাড়া অন্তর্বিভাগে আগে থেকে ভর্তি আছে ৫ জন নিউমোনিয়ায় আক্রান্ত শিশু। এরা সবাই দুই থেকে তিন দিন ধরে হাসপাতালে আছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তারা জানান, যাদের শ্বাসকষ্ট বেশি তাদের অন্তর্বিভাগে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অনুতোষ চাকমা বলেন, প্রচণ্ড গরম আবার হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। ১ আগস্ট থেকে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। নিউমোনিয়া থেকে শিশুকে রক্ষায় মাকে সচেতন হতে হবে। শিশুকে ঠান্ডা বা গরম নয় এমন স্থানে রাখতে হবে। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।