দীঘিনালায় সেচের অভাবে বোরো চাষ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ও পাবলাখালী কৃষি ব্লকে সেচের অভাবে চার শ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। এই এলাকার চাষিরা ঝিরি-ঝরনায় অস্থায়ী বাঁধ দিয়ে কিছু জমিতে সেচ দিচ্ছেন। তবে এরপরও বিশাল পরিমাণ জমি সেচ সুবিধার বাইরে থেকে গেছে।
দীঘিনালা ও পাবলাখালী কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, বিগত আমন মৌসুমে দীঘিনালা কৃষি ব্লকে ২৯৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল। কিন্তু সেচের অভাবে এবার বোরো মৌসুমে চাষ হচ্ছে মাত্র ৮৫ হেক্টর জমিতে। পাবলাখালী কৃষি ব্লকে আমন মৌসুমে চাষ করা হয়েছিল ২৭০ হেক্টর জমিতে। অথচ বোরো মৌসুমে চাষ করা হচ্ছে মাত্র ৮০ হেক্টরে। এই দুটি কৃষি ব্লকে ৪০০ হেক্টর জমি সেচের অভাবে পতিত থাকবে।
পাবলাখালী ও দীঘিনালা কৃষি ব্লকের জমিগুলোর মাঝ দিয়ে বয়ে গেছে পাবলাখালী নামের পাহাড়ি ছড়া (ঝরনা)। স্থানীয় চাষিদের কাছে ওই ছড়ার পানিই শুষ্ক মৌসুমে একমাত্র সেচের উৎস।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, কৃপাপুর ও পুলিন হেডম্যানপাড়া এলাকার চাষিরা বোরো চাষ করার জন্য পাবলাখালী ছড়ায় স্বেচ্ছায় বাঁধ নির্মাণের জন্য বাঁশ ও কাঠ পুঁতেছেন। বাঁধে মাটি ফেলার জন্য গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে শ্রমিকও নিয়োজিত করেছেন।
কথা হয় কৃপাপুর গ্রামের চাষি চিত্তি গুলা চাকমা, গঙ্গাধন চাকমা ও বীর বাহু চাকমা এবং পুলিন হেডম্যানপাড়ার চাষি রেবতি চাকমা, মঙ্গলজয় চাকমা ও অনিল চাকমার সঙ্গে। তাঁরা বলেন, আমন মৌসুমে নির্বিঘ্নে ধান চাষ করতে পারলেও বোরো মৌসুমে তাঁদের বেশির ভাগ জমি সেচের অভাবে পতিত থাকে। প্রতি বছর গ্রামবাসীরা গাছ, বাঁশ সংগ্রহ করে পাবলাখালী ছড়ায় বাঁধ নির্মাণ করেন। তাতে কিছু জমিতে বোরো চাষ করা গেলেও অধিকাংশ জমি পতিত থাকে। সেচ সংকট দূর করতে পাবলাখালী ছড়ায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তাঁরা।
পাববলাখালী কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা গীতা বিশ্বাস ও দীঘিনালা কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সমর বিজয় চাকমা বলেন, শুধু সেচের অভাবে পাবলাখালী ছড়ার দুই পাশে পাঁচ শ একর জমিতে বোরো চাষ করা সম্ভব হয় না। প্রতি বছর তিন গ্রামের চাষিরা নিজেদের উদ্যোগে পাবলাখালী ছড়ায় অস্থায়ী বাঁধ নির্মাণ করে মাত্র এক শ একর জমিতে বোরো চাষ করতে পারছে। পাবলাখালী ছড়ায় একটি স্থায়ী বাঁধ হলে পাঁচ শ একর জমি বোরো চাষের আওতায় আসত।