দীঘিনালার অনাথ আশ্রম সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার প্রায় তিন কিলোমিটার দীর্ঘ অনাথ আশ্রম সড়ক দিয়ে দুই মাস ধরে যানবাহন চলছে না। খানাখন্দে ভরা এই সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাহিদাপত্র পাঠালেও অনুমোদন সংস্কারের অনুমোদন মেলেনি।
এলজিইডি সূত্রে জানা গেছে, অনাথ আশ্রম সড়কটির ৮৭০ কিলোমিটার অংশে পিচ ঢালাই করা। বাকি দুই কিলোমিটারের মতো অংশে ইট বিছানো হয়েছে। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সড়কটি সংস্কারের জন্য বরাদ্দপত্র চেয়ে দীঘিনালা এলজিইডির পক্ষ থেকে প্রধান কার্যালয়ে চিঠি দিলেও সড়ক সংস্কারের জন্য প্রকল্প অনুমোদন মেলেনি। সড়কিট দিয়ে মূলত ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করত। কিন্তু সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটি দিয়ে ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে অনাথ আশ্রম এলাকার কয়েক হাজার বাসিন্দা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের স্থানে স্থানে পিচ ঢালাই উঠে গেছে। ইট বিছানো অংশে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সড়কের আশপাশে বসবাসকারী লোকজন জানান, ১৫ দিন আগে এলাকাবাসী স্বেচ্ছায় সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করার জন্য গর্তের মধ্যে মাটি দিয়েছিলেন। এরপরও যানবাহন চলাচল উপযোগী হয়নি সড়কটি। গত মাসে এ সড়কে গর্তের মধ্যে পড়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে গিয়ে তিনজন যাত্রী আহত হন।
আশ্রম এলাকার বাসিন্দা মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রেজাউল ইসলাম জানান, সড়কটি দিয়ে অনাথ আশ্রমের ৪০০ পরিবার, রাবার বাগান এলাকার ১৭০ পরিবার ও উত্তর রশিকনগর এলাকার ৫০০ পরিবারের সদস্যরা যাতায়াত করেন। এ ছাড়া অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয় ও অনাথ আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পথে বিদ্যালয়ে যায়। সড়কটি দিয়ে যানবাহন চলাচল না করায় হেঁটে যাতায়াত করতে হয় পথচারীদের।
অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, সড়কটি দিয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও চার শতাধিক শিক্ষার্থী চলাচল করে। যানবাহন চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থীরা প্রধান সড়ক থেকে হেঁটে বিদ্যালয়ে আসে। সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. ওসমান গনি বলেন, ‘অনাথ আশ্রম সড়কটি সংস্কারের জন্য ২২ লাখ টাকার বরাদ্দ চেয়ে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর প্রধান কার্যালয়ে চাহিদাপত্র দিয়েছিলাম। কিন্তু বরাদ্দ অনুমোদন না হওয়ায় সড়কটি সংস্কার করা সম্ভব হয়নি। চলতি বছর আবারও সড়কটি সংস্কারে বরাদ্দ দেয়ে চাহিদাপত্র পাঠানো হবে।’