দীঘিনালার অপুর গল্প
ঘড়িতে তখন সকাল সাড়ে ১০টা। সড়কের পাশের জলাশয় থেকে শাপলা তুলছিল ছোট্ট একটি ছেলে। কচুরিপানা, কলমি ও জলজ লতাগুল্মের মাঝ থেকে বেছে বেছে শাপলার ডাঁটা তুলে আনছিল সে। এ জন্য মাঝেমধ্যে তাকে ডুব দিতে হচ্ছিল জলের গভীরে। একগুচ্ছ শাপলা ফুল লম্বা ডাঁটাসহ ঝুলছিল তার কাঁধে। আশপাশের প্রকৃতি, ছেলেটার বয়স—সব মিলিয়ে চট করেই পথের পাঁচালীর অপুর কথা মনে করিয়ে দেয়। সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালা-বাবুছড়া সড়কে নারিকেল-বাগান এলাকার একটি জলাশয়ের ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখে পড়ে এই দৃশ্য। শাপলা কাঁধে ছেলেটি যখন উঠে আসছিল পাড়ে, ততক্ষণে ক্যামেরায় কয়েকবার ক্লিক পড়েছে। নিশ্চিন্দিপুরের অপু যেন ফ্রেমবন্দী হলো সুদূর খাগড়াছড়িতে।শিশুটি জানায় তার নাম মো. জুয়েল। কবাখালী মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে পড়ে। বাড়ি কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামে। ওরা চার বোন এক ভাই। দুই বোনের বিয়ে হয়েছে, ছোট দুই বোন পড়ালেখা করছে। বাবা জালাল উদ্দিন ও মা জ্যোৎস্না বেগম দিনমজুরি করেন। অভাবের সংসার, তাই পড়ালেখার ফাঁকে ফাঁকে বিভিন্ন পুকুর, জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে বিক্রি করে সে। শাপলা বিক্রির টাকায় তার ও ছোট দুই বোনের জন্য খাতা-কলম কেনে। শাপলা বিক্রি করে কত পাও? এমন প্রশ্নের উত্তরে সে জানায়, দিনে ৩০ থেকে ৫০ টাকা পাওয়া যায়। পড়ালেখা করে তার অনেক বড় হওয়ার ইচ্ছা। তাই বাবার কাছে খাতা-কলমের জন্য টাকা না চেয়ে নিজেই শাপলা তুলে বিক্রি করে। তবে এসবের মধ্য থেকে সে পড়ার সময়টাও বের করে নেয় বলে জানায়।