দীঘিনালার দুই ইউনিয়নে নির্বাচন দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুই ইউনিয়ন পরিষদের নির্বাচনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও চেয়ারম্যান-সদস্য প্রার্থীরা। আগামী ৩ মের মধ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করা না হলে বিক্ষোভ ও মানববন্ধনসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা। দ্রুত নির্বাচন দেওয়ার দাবিতে দুই ইউনিয়নবাসীর পক্ষ থেকে ২ এপ্রিল সাংবাদিক সম্মেলন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালের ১৯ জুন দীঘিনালার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এর মধ্যে তিনটি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলেও ৪ নম্বর দীঘিনালা ও ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ২১ মে দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নে চেয়ারম্যান-সদস্য পদে আগ্রহী ব্যক্তিরা মনোনয়নপত্র জমা দেন। ২২ মে একটি সংগঠন (নাম উল্লেখ করা হয়নি) তাঁদের সমর্থিত প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের ঘরে ঘরে গিয়ে ৩১ মে’র মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নানা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে এর সত্যতা পায়। পরে জেলা আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়ে জানানো হয়। ৩১ মে নির্বাচন কমিশন এক পত্রে ওই দুই ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাবুছড়া উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুলেশ্বর চাকমা বলেন, ২০০৩ সালের ৬ মার্চ এ দুই ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিরা নয় বছর ধরে দায়িত্ব পালন করছেন। তাঁদের এখন জনগণের কাছে দায়বদ্ধতা নেই। তাই এ দুই ইউনিয়নের জনগণ উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে। বাঘাইছড়ি মুখ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আনন্দ মোহন চাকমা বলেন, ‘নির্বাচন স্থগিতের এক বছরের মধ্যেও নির্বাচন দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা অবিলম্বে নির্বাচনের মাধ্যমে নতুন প্রতিনিধি দেখতে চাই।’ উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি প্রান্তর চাকমা বলেন, ‘বর্তমানে দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের সময় কোনো গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব।’ দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ধনিতা চাকমা, প্রজ্ঞান জ্যোতি চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সুগত চাকমা ও বাবুছড়ার সাবেক বাজার চৌধুরী জিতেন্দ্রীয় চাকমা বলেন, আগামী ৩ মের দুই ইউনিয়নের নির্বাচনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে বিক্ষোভ ও মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম বলেন, ‘দুই ইউনিয়নবাসীর পক্ষ থেকে নির্বাচনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে আমার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা পর্যায়ে আলোচনা করা হবে।’