দীঘিনালার দুই ইউনিয়নের নির্বাচন ৩ এপ্রিল
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা সদর ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত হওয়া নির্বাচন আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২০১১ সালের ১৯ জুন এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় নির্ধারিত তারিখের ১৮ দিন আগে নির্বাচন স্থগিত করা হয়েছিল।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সভায় দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেওয়া হয়। বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হলে ৩ মার্চ নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী ১০ মার্চ জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল আগামী ৩ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করে।নির্বাচন কমিশন সূত্র জানায়, ১৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হয়েছে। বর্তমানে নির্বাচনে দীঘিনালা ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে নয়জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবুছড়া ইউনিয়নে প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ছয়জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন।দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রজ্ঞান জ্যোতি চাকমা ও প্রীতি খীসা এবং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সুগতপ্রিয় চাকমা ও ওমেশ কান্তি চাকমা বলেন, এই নির্বাচন এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। বর্তমানে উভয় ইউনিয়নে নির্বাচনের সুষুম পরিবেশ বিরাজ করছে বলে তাঁরা মন্তব্য করেন।দীঘিনালা ইউনিয়নে মোট ভোটার আট হাজার ৯০৯ জন। এর মধ্যে চার হাজার ৫০৭ জন পুরুষ ও চার হাজার ৪০২ জন নারী। বাবুছড়া ইউনিয়নে মোট ভোটার নয় হাজার। এর মধ্যে পুরুষ চার হাজার ৭০৯ ও নারী চার হাজার ৩৩৩ জন। জানা গেছে, বাবুছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এক হাজার ১৩৩ জন ভোটারের ভোটকেন্দ্র পড়েছে দুর্গম নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা-কর্মচারীদের পাঠাতে হবে। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ চাকমা বলেন, ‘আগামী ৩ এপ্রিল দুই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করি, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’