দীঘিনালার দুর্গম শুকনাছড়ি গ্রামে ঘরে ঘরে ডায়রিয়া
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর থেকে নয় কিলোমিটার দূরে দুর্গম শুকনাছড়ি গ্রামের ঘরে ঘরে ডায়রিয়া দেখা দিয়েছে। গত এক সপ্তাহে এই এলাকার শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। উপদ্রুত এলাকাটিতে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেনাবাহিনীর দুটি চিকিৎসক দল আক্রান্ত লোকজনকে স্বাস্থ্যসেবা দিয়েছে।
শুকনাছড়ি থেকে ঘুরে আসা চিকিৎসক দলের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকার পানীয় জলের একমাত্র উৎস পাহাড়ি ছড়ার দূষিত পানি থেকেই এমন সংক্রমণ ঘটেছে। চিকিৎসকেরা জানান, কয়েক দিন আগে হঠাৎ বৃষ্টি হওয়ায় পাহাড় থেকে আবর্জনা ধুয়ে এসে ছড়ার পানিতে মিশেছে। আর সে পানি পান করার কারণে গ্রামে ডায়রিয়া দেখা দিয়েছে।
২১ মার্চ শুকনাছড়িতে সেনাবাহিনীর চিকিৎসক দল চিকিৎসাসেবা দিয়েছে। দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ জানান, ক্যাপ্টেন সালমান সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর চিকিৎসক দলটি ডায়রিয়ায় আক্রান্ত ৭০ জন পাহাড়ি নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দিয়েছে।
এর আগের দিন ২০ মার্চ উপদ্রুত এলাকায় চিকিৎসাসেবা দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল। ওই দিন দলটি ৫০ জন গ্রামবাসীকে চিকিৎসাসেবা দেয়। এই দলের নেতৃত্ব দেন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা দীপংকর ধর। তিনি জানান, গত এক সপ্তাহে শুকনাছড়ি এলাকায় শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ছড়ার দূষিত পানি পান করেই গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে তিনি জানান। ডায়রিয়া মোকাবেলায় গ্রামবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও পানি ফুটিয়ে পান করার জন্য পরামর্শ দিয়েছেন তাঁরা।
১৯ মার্চ শুকনাছড়ি গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের কারবারি (গ্রামপ্রধান) সুরেশ বিহারী চাকমার বাড়িতে ডায়রিয়ায় আক্রান্ত তাঁর শাশুড়ি শান্তি লতা চাকমাকে (৫৫) স্যালাইন দিয়ে শুইয়ে রাখা হয়েছে। কারবারির স্ত্রী জয়শ্রী চাকমা (৪২) ও মেয়ে ইয়ানা চাকমাও (৭) ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল।
গ্রাম ঘুরে দেখা গেছে, প্রতিটি ঘরের কোনো না কোনো সদস্য ডায়রিয়ায় আক্রান্ত। গ্রামবাসী জানান, ছড়ার পানি পান করেই রোগাক্রান্ত হয়েছেন তাঁরা। পাহাড়ের নিচে ছড়ায় গিয়ে দেখা যায়, জয়া চাকমা নামে এক পাহাড়ি নারী সেখান থেকে পানি সংগ্রহ করছেন। ছড়ার ঘোলাটে ও আবর্জনাযুক্ত পানি দেখিয়ে তিনি বলেন, ‘আমাদের পানির একমাত্র ভরসা এই ছড়া। গত কয়েক দিন বৃষ্টি হওয়ায় পাহাড় থেকে আবর্জনা নেমে এসেছে। কোনো উপায় নেই, তাই এই নোংরা পানিই সংগ্রহ করছি।’
ডায়রিয়া–আক্রান্ত সিন্ধু দেবী চাকমা বলেন, ‘আমি এবং আমার নাতনি ইতি চাকমা (৫) ডায়রিয়া–আক্রান্ত হয়েছি। গ্রামে নলকূপ নেই, সবাই ছড়ার পানি পান করেন। ময়লা পানি পান করার পর থেকে গ্রামের প্রতি পরিবারে ডায়রিয়া দেখা দিয়েছে।’
গ্রামের কারবারি সুরেশ বিহারী চাকমা বলেন, গ্রামে একটি পাতকুয়া থাকলেও সেটির পানি খুবই দুর্গন্ধযুক্ত। ফলে গ্রামবাসী বাধ্য হয়ে ছড়ার পানি পান করে। এক সপ্তাহ ধরে প্রতি ঘরে ডায়রিয়া দেখা দিয়েছে।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আনোয়ার বলেন, ‘গত কয়েক দিনে ডায়রিয়া বেড়ে গিয়েছিল। বিশেষ করে হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে পাহাড় থেকে ছড়ায় ময়লা–আবর্জনা নেমে এসেছে। সেই পানি পান করার কারণেই ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। পানি ফুটিয়ে পান করলে আর একটু সচেতন হলে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা কম হতো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলাম বলেন, শুকনাছড়ি গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি শুনে একটি চিকিৎসক দল গঠন করে সেখানে দ্রুত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।