দীঘিনালার নয়টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে ৩৩ কর্মকর্তার পদ শূন্য
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রশাসন, কৃষি সম্প্রসারণ, শিক্ষা, এলজিইডিসহ ১০ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে ৩৩ কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এসব দপ্তরের কাজ চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে। এ ছাড়া উপজেলার অনেক কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে প্রশাসনিক কাজে জটিলতা তৈরির পাশাপাশি সেবাবঞ্চিত হচ্ছে নাগরিকেরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসন, মৎস্য, কৃষি সম্প্রসারণ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, সমাজসেবা, এলজিইডি, উপজেলা নির্বাচন কার্যালয়, প্রাণিসম্পদ ও পরিবার পরিকল্পনা দপ্তরের ৩৩ জন কর্মকর্তার পদ বর্তমানে শূন্য রয়েছে। এ কারণে দাপ্তরিক কাজের গতি কমে গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কার্যালয় সহকারী আক্তার হোসেন জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ ছাড়া এই দপ্তরে ১৩টি পদের মধ্যে ছয়টি পদই শূন্য। ভূমি কার্যালয়ে প্রতিদিন গড়ে নামজারি মামলা হয় চার থেকে পাঁচটি। কিন্তু সহকারী কমিশনারের (ভূমি) পদ শূন্য থাকায় এসব মামলার নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগছে। এই দপ্তরের কানুনগোর দুটি এবং হিসাব সহকারী, জারিকারক ও কার্যালয় সহায়কের একটি করে পদও বর্তমানে শূন্য রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সাল থেকে শূন্য রয়েছে উপজেলা কৃষি কর্মকর্তার পদ। এ ছাড়া ২০১০ সাল থেকে অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পদও শূন্য রয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে এ পদের দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীনুল ইসলাম। ২০০৯ সাল থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার পদও শূন্য রয়েছে।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদ শূন্য রয়েছে ২০১৩ সাল থেকে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য ২০১৪ সাল থেকে। বর্তমানে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষা কর্মকর্তা ঝরনা চাকমা। ২০১৪ সাল থেকে শূন্য রয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদটি।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুজন উপসহকারী প্রকৌশলী, একজন হিসাব সহকারী, একজন সার্ভেয়ার ও দুজন কার্যসহকারীর পদ শূন্য রয়েছে।
২০১০ সাল থেকে শূন্য রয়েছে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনের পদটি। ২০০৮ সাল থেকে শূন্য রয়েছে দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ। ২০০৭ সাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা পদটিও শূন্য রয়েছে।
ভূমি কার্যালয় থেকে দলিলপত্রের নকল তুলতে আসা শ্যামল কান্তি চাকমা, পূর্ণেন্দু চাকমা ও পিংকি দেওয়ান জানান, সহকারী কমিশনার (ভূমি) না থাকায় তাঁদের দলিলের নকল পেতে দুদিন দেরি হয়েছে। কানুনগো না থাকায় ভূমিসংক্রান্ত কাজেও ভোগান্তি পোহাচ্ছেন জমির মালিকেরা।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের কার্যালয় সহকারী রেপসি চাকমা বলেন, ‘কর্মকর্তা না থাকায় দাপ্তরিক কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে। জরুরি হলে কার্যালয়ের কাগজপত্রসহ মাটিরাঙ্গা উপজেলায় গিয়ে কর্মকর্তার স্বাক্ষর নিয়ে আসি।’
উপজেলা প্রকৌশলী মো. আবদুল মতিন বলেন, ‘আমার দপ্তরে কয়েকটি পদ শূন্য থাকায় উন্নয়নকাজের তদারকি ও দাপ্তরিক কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে। কর্মকর্তা পদায়নের জন্য আমরা প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য থাকায় কাজে সমস্যা হচ্ছে বেশি। এ পদটিতে দ্রুত পদায়ন করা প্রয়োজন। এ ছাড়া কর্মকর্তা–কর্মচারীর পদ শূন্য থাকার বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে। শূন্য পদে কর্মকর্তা–কর্মচারী পদায়ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে।