দীঘিনালার পশুর হাটে গরুর দাম এবার চড়া

খাগড়াছড়ির দীঘিনালার খুচরা গরু ব্যবসায়ী মো. সরোয়ার পশুর হাটে প্রতিদিন সাত থেকে আটটি গরু বিক্রি করেন। গত বছর মাঝারি আকারের যেসব গরু ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি করেছেন এবার সেসব গরু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ হাজার টাকায়।
গত রোববার উপজেলার বোয়ালখালী নতুন বাজার পশুর হাটে কথা হয় মো. সরোয়ারের সঙ্গে। তিনি জানান, এবার পশুর হাটে গত বছরের তুলনায় দাম ভালো পাচ্ছেন ব্যবসায়ী ও খামারিরা। উপজেলার চারটি পশুর হাট বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা থানাবাজার, বাবুছড়া বাজার ও ছোটমেরুং বাজারে ঘুরে সরোয়ারের এ কথার সত্যতা মিলেছে।
উপজেলার বিভিন্ন পশুর বাজারে ঘুরে গরু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীঘিনালার কোরবানির হাটে মূলত দেশি গরুই বিক্রি হয়। এ বছর ভালো দামও উঠেছে দেশি গরুর। কোনো রকম ভেজাল না থাকায় চট্টগ্রাম শহরে এসব গরুর চাহিদা রয়েছে। এ কারণে উপজেলার হাটগুলোতে প্রচুর পাইকারি গরু ব্যবসায়ী এসেছেন। তাঁরা গরু কিনতে শুরু করায় হাটে গরুর দাম বেড়েছে।
বোয়ালখালী নতুন বাজারে গিয়ে দেখা যায়, বাজারে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। হাচিনসনপুর এলাকার রুহুল আমিন জানান, তিনি ১০টি গরু নিয়ে বাজারে এসেছেন। এর মধ্যে পাঁচটি মাঝারি আকারের গরু প্রতিটি ৪০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে বিক্রি করেছেন। এ বছর গরুর দাম ভালো পেয়েছেন। বাঘাইহাট এলাকার দেবংস চাকমা জানান, ঘরের পালা গরু ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি। মানের মতো দাম পাওয়ায় তিনি খুশি।
গরু ব্যবসায়ী মো. মহরম আলী বলেন, তিনি ইতিমধ্যে দীঘিনালার বিভিন্ন হাট থেকে দুই শ গরু কিনেছেন। এসব গরু তিনি চট্টগ্রামের পশুর হাটে বিক্রি করবেন। গত বছরের চেয়ে এবার গরুর দাম কয়েক হাজার টাকা করে বেশি উঠবে বলে তাঁর ধারণা।
আরেক ব্যবসায়ী জমির আলি জানান, উপজেলার বিভিন্ন হাটে প্রতিটি বড় গরু ৮০ হাজার, মাঝারি আকারে গরু ৪০ থেকে ৪৫ হাজার ও ছোট আকারের গরু ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তিনি নিজেও ৩২টি গরু কিনেছেন।
পাইকারি গরুর ব্যবসায়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক জানান, তিনি এ বছর চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার জন্য ২৬টি গরু কিনেছেন। গত বছরও শহরে গরু নিয়ে গেছেন। কিন্তু এ বছর গরুর দাম চড়া। প্রতিটি গরুতে দাম বেড়েছে পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত।