দীঘিনালার প্রধান দুই সড়ক বেহাল

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান দুটি সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। সম্প্রতি প্রবল বর্ষণ ও বন্যার কারণে সড়কের বহু স্থানে ভেঙে গেছে। সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
ক্ষতিগ্রস্ত সড়ক দুটির একটি উপজেলা সদর সড়ক (থানা বাজার সড়ক) ও অপরটি হলো দীঘিনালা-বাবুছড়া সড়ক। এর মধ্যে আধা কিলোমিটার দীর্ঘ উপজেলা সদর সড়ক গত বছর সাত লাখ টাকা ব্যয়ে সংস্কার হয়েছে। এক বছরের মাথায় সড়কটি ভেঙে যাওয়ায় সংস্কারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সরেজমিনে দেখা গেছে, এই সড়কের বেশির ভাগ অংশের পিচঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে উপজেলা সদরে আসা লোকজনের ভোগান্তি বেড়েছে।
১২ কিলোমিটার দীর্ঘ দীঘিনালা-বাবুছড়া সড়কের পুরোটা জুড়েই এখন খানাখন্দ। সরেজমিনে ঘুরে এই সড়কের নারিকেল বাগান, পাবলাখালী, পুলিন হেডম্যানপাড়াসহ বিভিন্ন এলাকায় খানাখন্দ দেখা গেছে। পুলিন হেডম্যানপাড়ার বেইলি সেতু এলাকায় সেতুর দুই পাশেই বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
দীঘিনালা-বাবুছড়া সড়কে চলাচলকারী যানবাহনচালক সুমন চাকমা, অমিতাভ চাকমা ও মো. ইব্রাহিম বলেন, প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে তাঁরা এ সড়কে যানবাহন চালাচ্ছেন। অনেক সময় পানি জমে থাকায় গর্তও দেখা যায় না। এ অবস্থায় গাড়ি চালানো খুব কঠিন হয়ে পড়েছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ নভেম্বর দীঘিনালা উপজেলা সদর সড়কটি সংস্কারের জন্য ৭ লাখ ৭৮৪ টাকা ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়। বরাদ্দের চেয়ে ১ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা কম দর দেওয়ায় রবিরণ চাকমার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের তিন মাস পর সড়কটি সংস্কার শেষ করে। তবে এক বছরের মাথায় সড়কটি ভেঙে যাওয়ায় হতাশ এলাকাবাসী।
দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা বলেন, ‘দীঘিনালা-বাবুছড়া সড়কে আমি নিয়মিত চলাচল করি। আমি নিজেও সড়কে দুর্ভোগের শিকার। বাসা থেকে ছয় কিলোমিটার দূরে উপজেলা পরিষদের কার্যালয়ে আসি। সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি সংস্কারের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি দেওয়া হবে।’ খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, সড়কগুলো পরিদর্শন করে সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।