দীঘিনালার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাব ও শ্রেণীকক্ষের সংকট
দীঘিনালার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাব ও শ্রেণীকক্ষের সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। গত বছরের তুলনায় চলতি বছরে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হলেও আসবাব ও শ্রেণীকক্ষ বাড়েনি। ফলে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। এতে তাদের পড়ার মনোযোগ নষ্ট হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে—মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নে পাঁচটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়সহ ১৫টি উচ্চবিদ্যালয় রয়েছে। সব উচ্চবিদ্যালয়েই অবকাঠামোগত সমস্যার কারণে শ্রেণীকক্ষের সংকট রয়েছে। দীঘিনালার একমাত্র উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৪৮ জন। কিন্তু সে অনুযায়ী পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও আসবাবপত্র নেই বলে জানালেন কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা। অতিরিক্ত ছাত্র-ছাত্রীভুক্ত বিদ্যালয়গুলোতে শ্রেণীকক্ষ বাড়াতে বিদ্যালয়ের অবকাঠামো বাড়ানো দরকার বলে মতামত দেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা। চলতি বছরে শিক্ষার্থীর সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় আসবাবপত্র সংকট চরম আকার ধারণ করেছে। বিদ্যালয়গুলোতে দুটি শাখায় পাঠদান করেও সমস্যার সমাধান করা যাচ্ছে না। দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা জানান, সরকারি উচ্চবিদ্যালয়ে যে আসবাবপত্র সংকট রয়েছে তা কোনো উন্নয়ন সংস্থা বিশ্বাস করতে চায় না। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় আসবাব সংকটের কারণে অন্য বিদ্যালয় থেকে আসবাব ধার করে আনা হয়েছে। হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, এ বিদ্যালয়ে ছাত্রসংখ্যা প্রায় নয় শতাধিক। এক টুলে ছয়জন বসতে হয়। অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম জানান, ‘আমাদের বিদ্যালয়ে ছাত্রসংখ্যা প্রায় ৮০০। দুটি শাখায় পাঠদান করছি তবুও স্থান সংকুলান হচ্ছে না। শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। আবার বিদ্যালয়ে বিদ্যুতের সংযোগ না থাকায় গরমের মৌসুমে পাঠদানে সমস্যায় পড়তে হচ্ছে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরিফ বলেন, অতিরিক্ত শিক্ষার্থীর কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ শিক্ষা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা আসবাব ও শ্রেণীকক্ষ সংকটের সত্যতা স্বীকার করে জানান, ‘বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় আসবাব সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হবে।’