দীঘিনালার মাল্টা মোসাম্বি ও খাসিয়া মেন্ডারিন
বাগানে নানা জাতের ফলের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়। ১৮০ প্রজাতির গাছে সমৃদ্ধ এমন নজরকাড়া বাগানটিতে এ মুহূর্তে আপনাকে হাতছানি দিচ্ছে মাল্টা, মোসাম্বি আর খাসিয়া মেন্ডারিন জাতের কমলা। যেকোনো ছুটির দিন কিংবা অবসরে একবার ঘুরে আসতে পারেন খাগড়াছড়ির দীঘিনালার গাছের জাদুঘর নামে খ্যাত বসু ফ্রুটস ভ্যালিতে।বছরের পুরোটায়ই কোনো না কোনো ফল এ বাগানে পাওয়া যায়। বাগানে তৈরি জৈব সার ছাড়া এসব ফল গাছে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না। তাই ফলের রংও হয় যেন অন্য রকম।সরেজমিনে দেখা যায়, বাগানের গাছে গাছে ঝুলছে মাল্টা, মোসাম্বি আর খাসিয়া মেন্ডারিন জাতের কমলা। সঙ্গে রয়েছে নানা জাতের, নানা স্বাদের পেয়ারাও। বাগানের শতাধিক মাল্টাগাছের মধ্যে ১০টি পাকিস্তানি আর ৪০টি বারি জাতের। প্রতিটি মাল্টাগাছে গড়ে ৩০ কেজি মাল্টা উ ৎ পাদিত হবে বলে ধারণা করছেন বাগানমালিক তুষার কান্তি বসু। বাগানে সবুজ মোসাম্বির গাছ রয়েছে ১০০টি। ফল ধরেছে সব কটিতেই। প্রতিটি গাছে ২০ থেকে ২২ কেজি মোসাম্বি উ ৎ পাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তুষার বসু। এ ছাড়া খাসিয়া মেন্ডারিন জাতের কমলাগাছ রয়েছে ৪০০টি। এ বছর ফলন এসেছে ৫০টির মধ্যে। তুষার কান্তি বসু জানান, গত বছর ৫০ হাজার টাকা দামের প্রায় ৫০০ কেজি মাল্টা বিক্রি হয়েছিল। এ বছর দেড় টন মাল্টা উ ৎ পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ১০০ টাকা হিসাবে এক লাখ ২০ হাজার টাকার মাল্টা বিক্রি হবে বলে আশা তাঁর।তুষার কান্তি জানান, গত বছর দেড় টন সবুজ মোসাম্বি বিক্রি হয়েছিল ৭৫ হাজার টাকায়। চলতি বছর দুই টন মোসাম্বি উ ৎ পাদন ও তা বিক্রি করে এক লাখ টাকা পাওয়া যাবে। খাসিয়া মেন্ডারিন জাতের কমলা বিক্রি হবে ৫০ হাজার টাকার।তুষার বসু জানান, সবুজ মোসাম্বির বাগান জেলার আর কোথাও নেই। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র তাঁর কাছ থেকে ৪০০ সবুজ মোসাম্বির চারা কিনে নিয়েছে। তিনি বলেন, ‘বাগানের সব রকম ফলের গাছে জৈব সার ব্যবহার করার কারণে ফলের রং ভালো হয়। এ ছাড়া ফলে কোনো রাসায়নিক পদার্থ না দেওয়ার কারণে বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এই বাগানে এসে ফল কিনে নিয়ে যান। তবে খুচরা হিসেবে যা বিক্রি হয়, তাতে পাইকারি হিসেবে সরবরাহের সুযোগ থাকে না।’বাগানে ফল কিনতে আসা দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, ‘রাসায়নিকমুক্ত বলেই এ বাগানের ফলের চাহিদা বেশি। এ বাগানের ফলে প্রকৃত স্বাদ পাওয়া যায়। বাগানের পরিদর্শন বইতেও দেশের বিচারপতি থেকে শুরু করে বিশিষ্টজনেরা এ বাগানের সৌন্দর্য ও ফলের স্বাদ সম্পর্কে সন্তোষজনক মন্তব্য লিখেছেন।’খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহাব্বত উল্লাহ বসু ফ্রুটস ভ্যালির ফলের প্রশংসা করে বলেন, ‘জৈব সার ব্যবহার করার কারণে ওই বাগানের ফলের রং এবং আকার দুটোই ভালো হয়।’ বারি জাতের মাল্টা কৃষি গবেষণাকেন্দ্রের তুলনায় বসু ফ্রুটস ভ্যালিতে ভালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।