দীঘিনালার মেরুং ইউনিয়নের বাজেট ঘোষণা
খাগড়াছড়ির দীঘিনালার এক নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০১৪-২০১৫ সালের বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২৮ মে মেরুং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ইউনিয়নের জনসাধারণের উপস্থিতিতে বাজেট ঘোষণা করা হয়।
এতে মেরুং ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. মাসুদ করিম। সভায় বক্তব্য দেন দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নবকোমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ প্রমুখ।
সভায় ২০১৪-২০১৫ সালে মেরুং ইউনিয়ন পরিষদের আয় ধরা হয় এক কোটি ২৫ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। ব্যয় ধরা হয় এক কোটি ২২ লাখ ৩৩ হাজার ৫৬১ টাকা। বাজেটে কৃষি খাতে বরাদ্দ ধরা হয় নয় লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়োনিষ্কাশন খাতে ১২ লাখ ৫০ হাজার টাকা, রাস্তা নির্মাণ ও মেরামত খাতে ৬৪ লাখ টাকা, শিক্ষা খাতে ১৩ লাখ টাকা ও সেচ খাতে ১২ লাখ ৫০ হাজার টাকা। বাজেট আলোচনা সভায় জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের জনগণের জন্য কী কী উন্নয়ন করা হবে, তা তাঁদের জানার অধিকার আছে। এ জন্য উন্মুক্ত বাজেট ঘোষণার উদ্যোগ নেওয়া হয়।