দীঘিনালার শিক্ষার্থীদের পাশে জার্মানিপ্রবাসী শাকিল
সৈয়দ শাকিল। থাকেন জার্মানির ন্যুরেমবার্গে। হাজার মাইল দূরে থেকেও ভাবেন দেশের মানুষের কথা। খাগড়াছড়ির দীঘিনালার একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য নিয়মিত সাহায্য পাঠাচ্ছেন তিনি। শিক্ষকদের বেতন-ভাতাসহ শিক্ষা সরঞ্জামের জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন।
বিদ্যালয়টির নাম ত্রিপুরাপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়। দীঘিনালার নয় মাইল এলাকায় ২০১১ সালে এটি প্রতিষ্ঠা করে দীঘিনালা সেনা জোন। ২০১২ সালে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। তখন থেকেই সৈয়দ শাকিল নিয়মিত এই বিদ্যালয়ের খোঁজখবর রাখছেন ও সাহায্য পাঠাচ্ছেন।
গত ৭ এপ্রিল জার্মানি থেকে নয় মাইল ত্রিপুরাপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৮৫ হাজার টাকা সাহায্য পাঠান তিনি। সৈয়দ শাকিল এর আগে ২০১২ সালে এই বিদ্যালয়ের জন্য ছয়টি সেলাই যন্ত্র কেনার টাকা পাঠিয়েছিলেন। সাহায্যের হাত বাড়িয়েছেন ২০১৩ সালেও।
সে বছর তিনি বিদ্যালয়ের ছয়জন শিক্ষক ও কর্মচারীর বেতনের জন্য এক লাখ টাকা প্রদান করেন। নয় মাইল ত্রিপুরাপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
সৈয়দ শাকিল প্রথম আলোর প্রতিনিধিকে মুঠোফোনে বলেন, ‘আমি প্রথম আলোর একজন নিয়মিত পাঠক। ছোটকাল থেকে আমার মা সৈয়দ জয়বুন্নেসা মানুষের পাশে দাঁড়াতে বলতেন। প্রথম আলোর প্রতিবেদন পড়েই বিদ্যালয়টির বিষয়ে জানতে পেরেছি। বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন প্রতিষ্ঠিত হলে আমার সাহায্য সার্থক হবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা বড়ুয়া বলেন, জার্মানিপ্রবাসী সৈয়দ শাকিল নিয়মিত বিদ্যালয়ের খোঁজ নেন। তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় এখানে অনেক দরিদ্র শিক্ষার্থী পড়তে পারছে।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ আগস্ট প্রথম আলোয় ‘একটি বিদ্যালয়ের জন্য এত কষ্ট’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ২০১১ সালের ডিসেম্বর মাসে দীঘিনালা সেনা জোন নয় মাইল ত্রিপুরাপাড়া এলাকায় নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। পাশাপাশি জার্মানিপ্রবাসী সৈয়দ শাকিলও এগিয়ে আসেন বিদ্যালয়টির সাহায্যে।