দীঘিনালার হুকমায়ূন ও ফারুকের জয়গাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার দুই অদম্য মেধাবীর গল্প অনেকটা একই রকম। শ্রমিক পরিবারের এই দুই সন্তান পরিবারকে সাহায্য করার জন্য লেখাপড়ার পাশাপাশি দিনমজুরি ও টিউশন করেছে। আর এসব করেও তারা এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়েছে। এই দুই অদম্য মেধাবী হলো অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. হুমায়ুন কবীর ও ওমর ফারুক।
হুমায়ুনের বাড়ি রসিকনগর বটতলী গ্রামে। বাবা মো. আইয়ুব আলী ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। মা জাহানারা গৃহবধূ। বিদ্যালয় বন্ধ থাকলে দিনমজুরের কাজ করে সে। পাশাপাশি টুকটাক টিউশনিও করে। একই বিদ্যালয়ের শিক্ষার্থী ফারুকের বাড়ি উত্তর রসিক নগরে। তার বাবা মো. ছিদ্দিক মিয়া দিনমজুর। ফুফুর বাসায় থেকে টিউশন করে নিজের পড়াশোনার খরচ চালায় সে। একই বিদ্যালয়ের ছাত্র হওয়ায় দুজনের মাঝে গড়ে উঠেছে বন্ধুত্বও।
সম্প্রতি দুই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের মা-বাবা কাউকেই পাওয়া যায়নি। আয়-উপার্জনের জন্য দিনের বেলাটা ঘরের বাইরেই কাটে তাদের। তবে রসিকনগর এলাকায় দুই বন্ধুকে পাওয়া গেল একসঙ্গেই।
হুমায়ূন কবীরের কাছে সাফল্যের গল্প জানতে চাইলে সে বলে, তিন ভাই, দুই বোনসহ সংসারে সাতজন তারা। বাবার একার পক্ষে সংসার চালানো সম্ভব নয় বলে কাজ নিতে হয়েছে তাকেও। তবে লেখাপড়াটা সে চালিয়েছে সমানতালে। জেএসসিতেও মেধাবৃত্তি পেয়েছিল। হুমায়ূন ভবিষ্যতে চিকিৎসক কিংবা প্রশাসনিক কর্মকর্তা হতে চায়। তবে আর্থিক সমস্যার কারণে ভালো কলেজে ভর্তি হতে পারবে কি না, সেটা নিয়ে চিন্তিত সে।
আরেক মেধাবী ওমর ফারুকেরা তিন ভাই, দুই বোন। তার পরিবারের সদস্যও সাতজন। বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে ফুফুর বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে গেছে সে। করতে হয়েছে টিউশনিও। হুমায়ূনের মতো ফারুকও জেএসসিতে মেধা তালিকায় বৃত্তি পেয়েছিল। তাঁর স্বপ্ন চিকিৎসক হওয়ার। তবে সে জন্য ভালো কোনো কলেজে ভর্তি হওয়া চাই। কারও সহায়তা পেলে ফারুক তার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারবে।
অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, মো. হুমায়ূন কবীর ও মো. ওমর ফারুক দারিদ্র্য জয় করে জিপিএ-৫ পেয়েছে। জেএসসিতেও তারা মেধাবৃত্তি পেয়েছিল। আমরা দুই শিক্ষার্থীকে সাহায্য করেছি। এখন ওদের কলেজ ভর্তি হওয়ার জন্যও সাহায্য দরকার। সমাজের সচ্ছল ব্যক্তিরা এগিয়ে এলে দুই মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হবে।