দীঘিনালার ১০ বিদ্যালয়ে জিপিএ-৫ নেই
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ৫১। দীঘিনালার ১০টি উচ্চবিদ্যালয়ের এক হাজার ৭৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে মাত্র ৫৫১ জন এবং অকৃতকার্য হয়েছে ৫২৪ জন। ১০টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ পায়নি। তবে উপজেলার দুইটি দাখিল মাদ্রাসার ফলাফল ভালো হয়েছে। দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ে ২১৩ জন পরীক্ষার্থীর মধ্যে এবার পাস করেছে ১৬০ জন, পাসের হার ৭০। বড়াদম উচ্চবিদ্যালয়ে ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭১ জন, পাসের হার ৬০। উদালবাগান উচ্চবিদ্যালয়ে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ জন, পাসের হার ৫৮। হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ে ১৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৪ জন, পাসের হার ৫১। উত্তর রেংক্যার্যা উচ্চবিদ্যালয়ে ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ জন, পাসের হার ৪৮। বাবুছড়া উচ্চবিদ্যালয়ে ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০ জন, পাসের হার ৪৭। ছোট মেরুং উচ্চবিদ্যালয়ে ১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪ জন, পাসের হার ৪০। রেংক্যার্যা উচ্চবিদ্যালয়ে ১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে চারজন, পাসের হার ৪০। পাবলাখালী শান্তিপুর উচ্চবিদ্যালয়ে ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৬ জন, পাসের হার ৩৮। অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ে ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯ জন, পাসের হার ২৯। এ ছাড়াও উপজেলার মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ জন, পাসের হার ৯৬। রশিকনগর দাখিল মাদ্রাসায় ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ জন, পাসের হার ৭১।দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা বলেন, ‘সরকারি উচ্চবিদ্যালয়ে ইংরেজি শিক্ষকের দুইটি পদই শূন্য রয়েছে। অন্যান্য বিষয়েও শিক্ষকসংকট রয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষকের পদ পূরণ হলে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো হতো।’ হাচিনসনপুর উচ্চবিদ্যালয় ও রশিকনগর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কাশেম বলেন, ‘উচ্চবিদ্যালয়ের চেয়ে মাদ্রাসার ফলাফল ভালো হয়েছে। শিক্ষকেরা মনোযোগ দিয়ে পাঠদান করলে আগামী বছর অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। সে ক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ ফলাফল সম্পর্কে বলেন, ‘বিদ্যালয়গুলো যে ফলাফল করেছে তাতে হতাশ না হয়ে আগামীবার ফলাফল ভালো করার জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক—সবাইকে সচেষ্ট হতে হবে।’