খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি হওয়া ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষক চার মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। অনেকে সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। অর্থ বরাদ্দ না আসায় সেপ্টেম্বর মাস থেকে শিক্ষকেরা বেতন পাচ্ছেন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের ২৪ জুন এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগের তিন হাজার ১৮৯টি নিবন্ধনকৃত ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়। এর আওতায় খাগড়াছড়ির দীঘিনালার ৩৫টি বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষক সরকারীকরণের আওতায় আসেন। এরপর সবকিছু ঠিকমতো চলছিল। আগস্ট মাস পর্যন্ত শিক্ষকেরা বেতন পান। কিন্তু সেপ্টেম্বর মাসে এসে তা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়।
চাপ্পাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঞ্চিতা চাকমা বলেন, ‘ধারদেনা করে কত দিন চলা যায়? চাকরির বেতনের ওপরই আমাদের সংসার চলে। গত চার মাস বেতন না পেয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি।’
উত্তর কবাখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘অবস্থা এমন হয়েছে দোকানদার পর্যন্ত আর বাকি দিতে চান না। সবারই একই অবস্থা।’ হাজাছড়া জোড়া ব্রিজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় চাকমা বলেন, ‘নিজে শিক্ষক হয়েও টাকার অভাবে ছেলেমেয়েদের বিদ্যালয়ে ভর্তি করতে পারছি না। আবার কারও কাছে হাত পাততে পারছি না। বেতন-ভাতা এলে কষ্টটা দূর হতো।’
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা প্রতি মাসেই অধিদপ্তরের প্রতিবেদন পাঠাচ্ছি। কিন্তু বেতন-ভাতার বরাদ্দ না আসায় শিক্ষকদের চার মাস ধরে বেতন বন্ধ।’