দীঘিনালার ১৫ গুচ্ছগ্রামে কষ্টের জীবন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া গুচ্ছগ্রামে ৩১৯ পরিবারের বসবাস। সরকারি রেশন কার্ড রয়েছে মাত্র ১০৫টি পরিবারের। বাকি পরিবারগুলোকে অভাব-অনটনের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হচ্ছে। বাবুছড়া গ্রামের মতো উপজেলার আর ১৪টি গুচ্ছগ্রামের বাসিন্দাদের একই অবস্থা। দীর্ঘ ২২ বছর ধরে এখানকার বাসিন্দারা স্যানিটেশন ও স্বাস্থ্যসুবিধা থেকে বঞ্চিত।
বাবুছড়া গুচ্ছগ্রামের বাসিন্দা মো. হানিফ মিয়া বলেন, ২২ বছর ধরে আমরা এখানে বসবাস করছি। কিছু পরিবারের রেশন কার্ড থাকলেও অধিকাংশের নেই। গ্রামের পয়োনিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ। এসব দিকে কারো নজর নেই।
উপজেলার প্রশাসন সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতির কারণে নিরপত্তার জন্য উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে একত্র করে ১৯৮৮ সালে ১৫টি গুচ্ছগ্রাম সৃষ্টি করা হয়। এ গুচ্ছগ্রামের বসবাসকারীদের প্রতি মাসে ৫৬ কেজি গম আর ২৯ কেজি চাল রেশন হিসেবে দেওয়া হয়। শুরুতে চার হাজার ১৮৬ পরিবার নিয়ে গুচ্ছগ্রাম সৃষ্টি করা হলেও বর্তমানে ১৫টি গুচ্ছগ্রামে পরিবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ হাজার। তবে রেশন পাচ্ছে চার হাজার ১৮৬টি পরিবার। গুচ্ছগ্রামে বসবাসকারীদের বসতবাড়ি ও বাগান সৃজনের জন্য পাঁচ একর জায়গা দিলেও এখনো তাঁরা সে জায়গা বুঝে পাননি বলে অভিযোগ করেন। ১৯৯৫ সালে গুচ্ছগ্রামবাসীদের পুনর্বাসনের জন্য একটি জরিপ করা হলেও এখনো পর্যন্ত সেই জরিপ আলোর মুখ দেখেনি।
মধ্য বোয়ালখালী গুচ্ছগ্রামের বাসিন্দা মো. বেলাল হোসেন অভিযোগ করেন, ‘সরকার আমাদের ১৯৮১-৮২ সালে নিয়ে আসার পর গরু, ঢেউটিন, ঘর করার জন্য নগদ টাকা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত আমরা কিছুই পাইনি। সরকার যে জায়গা দিয়েছে সেটিও বুঝে পাইনি।’
মধ্য বোয়ালখালীর সারোয়ার, মশিউর ও ইদ্রিছ আলী বলেন, ‘আজও আমরা বাস্তুহারা। সরকার জায়গা দেওয়ার কথা বললেও সেটা বুঝিয়ে দেয়নি। আমরা সরকারের কাছে অবিলম্বে পুনর্বাসনের দাবি জানাই।’
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ বলেন, ‘গুচ্ছগ্রামবাসীদের রেশন কার্ড বাড়ানো প্রয়োজন। যখন গুচ্ছগ্রামে রেশন কার্ড দেওয়া হয়েছিল তখন লোকসংখ্য অনেক কম ছিল। এখন লোকসংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে। আমরা গুচ্ছগ্রামবাসীদের জন্য সাধ্যমত স্বাস্থ্য, স্যানিটেশন ও শিক্ষা সুবিধা দেওয়ার জন্য কাজ করছি।’