দীঘিনালার ৫৮ প্রাথমিক শিক্ষক বেতন পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ শিক্ষক জুনের বেতন পাননি। খাগড়াছড়ি জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শওকত হাসানকে ঘুষ না দেওয়ায় বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষকেরা। শিক্ষকেরা জানান, উপজেলার এডিবি (রাজস্ব খাতভুক্ত) ১৪ জন ও নবসৃষ্ট পদের ৪৪ জন শিক্ষকের জুনের বেতন-বিল শিক্ষা কার্যালয় থেকে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু কোনো অভিযোগ ছাড়াই ওই বিল আটকে রাখা হয়। পরে শিক্ষকেরা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করলে প্রতি বিল থেকে ৫০০ টাকা ঘুষ চাওয়া হয়। ঘুষ দিতে অপারগতা জানালে বিল আটকে রাখেন হিসাবরক্ষণ কর্মকর্তা।জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, ‘আমি ঘুষ দাবি করে থাকলে শিক্ষকদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার সঙ্গে সমঝোতা করবে। এটা সাংবাদিকের জানার বিষয় নয়।’ দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারফাতুল ইসলাম জানান, ‘‘শিক্ষকদের পক্ষ থেকে আমি বিষয়টি নিয়ে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শওকত হোসেনের সঙ্গে আলাপ করেছিলাম। তিনি তখন শিক্ষকদের চাকরির সার্ভিস বই পরীক্ষণের ৫০০ টাকা না দেওয়ার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘বেতন থেকেই ৫০০ টাকা করে দিতে হবে, নইলে বিল ছাড় করা হবে না।’’ শিক্ষিকা এন্টিনা বড়ুয়া জানান, ‘সামান্য বেতন পাই, ধার করে সংসার চালাই। বেতন বন্ধ করার খবর শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। জেলার সব শিক্ষক বেতন পেলেন আর দোষী হলাম আমরা ৫৮ জন?’শিক্ষক অনুপ কুমার চাকমা বলেন, ‘বেতন নিতে গেলে মনে হয় আমরা অনাহূত, কেন এমন আচরণ করা হয় আমাদের সঙ্গে?’ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাধনচন্দ্র চাকমা হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘বেতন বিল ছাড়ের জন্য আমিও চেষ্টা করেছি। কিন্তু ঘুষ ছাড়া কিছুতেই ছাড় করাতে পারলাম না।’ তিনি আরও বলেন, ‘বিল ছাড় বন্ধ রাখতে হলে একটি অভিযোগ থাকতে হবে। অথচ অভিযোগ ছাড়াই বেতন আটকে দিয়ে শিক্ষকদের হয়রানি করা হলো।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংগ্রী মগ জানান, ‘শিক্ষা কার্যালয় থেকে যথাসময়ে বেতন-বিল পাঠানো হয়েছে। বিলে অভিযোগ আসার কথা নয়। কী কারণে হিসাবরক্ষণ কার্যালয় বিল ছাড় বন্ধ রেখেছে তা জানি না।’